IPL 2021 : ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কায় থাকা ক্রিকেটারদের জন্যও ফ্র্যাঞ্চাইজিগুলির বিশেষ ব্যবস্থা
সিপিএল ও শ্রীলঙ্কা থেকে আইপিএল ২০২১ খেলতে আসা ক্রিকেটারদের জন্য চার্টার বিমানের ব্যবস্থা করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি।
ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছনো ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের নির্দেশে চার্টার বিমানের ব্যবস্থা করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। একইভাবে ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত থাকা খেলোয়াড়দের জন্যও একই রকম ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল আইপিএলের দলগুলির মালিকপক্ষ। মঙ্গলবার এ খবর জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলতে থাকায় নিজ নিজ আইপিএল দলের সঙ্গে এখনও যুক্ত হতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। আগামী বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে সিপিএল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর শেষ হল আজ। দুই দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তিন দেশের ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা করছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে চার্টার বিমানেই সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে আসবেন বিদেশি ক্রিকেটাররা। আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে আমিরশাহী উড়ে আসার কথা। দক্ষিণ আফ্রিকার ফ্যাফ দু প্লেসি, ইমরান তাহির, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিদি, ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো, কাইরন পোলার্ড তাঁদের মধ্যে অন্যতম। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনীল নারিনের অপেক্ষায় বসে থাকবে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে ব্যস্ত কাগিসো রাবাডা, তাবরেজ সামসি, আইদেন মার্করাম, আনরিখ নরকিয়া, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, শিমরোন হেটমায়ারদের অপেক্ষা বসে থাকবে আইপিএলের অন্যান্য দলগুলিও।
যদিও আমিরশাহী পৌঁছেই নিজ নিজ দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না এই বিদেশি ক্রিকেটাররা। বিসিসিআইয়ের আরোপ করা কড়া বিধি তাঁদেরও মেনে চলতে হবে। ক্রিকেটাররা অন্তত ৬ দিনের কোয়ারেন্টাইনে যাতে থাকেন, ফ্র্যাঞ্চাইজিগুলিকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিদিনই ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে বলেও খবর। কোনও খেলোয়াড়ের টেস্ট রিপোর্ট পজিটিভ এলে তাঁকে অন্তত ১০ দিনের জন্য আইসোলেশনে থেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে ফের মাঠে নামার জন্য তৈরি হতে হবে।
এর আগে ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেটাররা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির পাঠানো চার্টার বিমানে ম্যাঞ্চেস্টার থেকে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছেছেন। রবিবারের মধ্যেই নিজ নিজ হোটেলে পৌঁছে যান বিরাট কোহলিরা। কোয়ারেন্টাইনের নিয়ম পালন করছেন তাঁরা।












Click it and Unblock the Notifications