IPL 2021 : অনুশীলনে হার্দিক, আরসিবি-র বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে কি তারকাকে মাঠে দেখা যাবে?
রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২১-এ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ফের মাঠে নামতে পারেন হার্দিক পান্ডিয়া।
আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বের প্রথম দুটি ম্যাচে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই ম্যাচে মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। চোটের কারণে ড্রেসিং রুমে বসেই দলের হার প্রত্যক্ষ করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডারকে। সেই তিনি পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কি দেখা যাবে হার্দিককে, উত্তর দিলেন ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন জাহির খান।

মুম্বইয়ের হার
২০১৯ ও ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের চলতি সংস্করণে খুব একটা স্বস্তিতে নেই। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ রানে হারতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয় রোহিত শর্মা শিবিরকে। শক্তি গাঁট মুম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেটের সহজ জয় হাসিল করে ইয়ন মর্গ্যান। এই দুই হারের পর আইপিএল তালিকার প্রথম চার থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে মুম্বই।

অনুপস্থিত হার্দিক পাণ্ডিয়া
হার্দিক পাণ্ডিয়াকে চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান ট্রাম্প কার্ড ধরা হয়েছিল। কারণ টুর্নামেন্টের আগে দীর্ঘদিন পরে নিয়মিত বোলিং করতে শুরু করেছিলেন ভারতীয় অল রাউন্ডার। ফলে হার্দিকের অল রাউন্ড পারফরম্যান্স চলতি আইপিএলে পাওয়া যাবে বলে মনে করেছিল মুম্বই। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই চোট পান হার্দিক। সেই ম্যাচ তো বটেই, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দলের দ্বিতীয় ম্যাচেও তিনি খেলতে পারেননি। দুই ম্যাচে পাণ্ডিয়ার অভাব অনুভব করে মুম্বই ইন্ডিয়ান্স।

অনুশীলনে ফিরেছেন হার্দিক
রবিবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ফের মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার দল। তার আগে ফের অনুশীলনে নামতে দেখা গিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। ভারতীয় অল রাউন্ডার আগের থেকে অনেক ফিট বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন জাহির খান। আরসিবির বিরুদ্ধে আগামী ম্যাচে হার্দিককে মাঠে দেখা যাবে বলে আশা প্রকাশও করেছেন দেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফাস্ট বোলার।

হার্দিক পাণ্ডিয়ার আইপিএল কেরিয়ার
চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র ৫২ রান করেছেন হার্দিক পাণ্ডিয়া। টুর্নামেন্টের প্রথম পর্বে তিনি সেভাবে জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় পর্বে তিনি নিজের সেরাটা উজাড় করে দেবেন বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলের সবকটি সংস্করণ মিলিয়ে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন হার্দিক। ১৪০১ এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন পাণ্ডিয়া। টুর্নামন্টের সবকটি সংস্করণ মিলিয়ে ৪৭টি উইকেটও নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার।












Click it and Unblock the Notifications