IPL 2021 : দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কে কোন রেকর্ডের মালিক হতে পারেন?
IPL 2021 : দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কে কোন রেকর্ডের মালিক হতে পারেন?
আজ সন্ধ্যায় চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে সানরইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। একই সঙ্গে আজকেরই ম্যাচে বেশ কিছু রেকর্ডের গড়ার সাক্ষী থাকতে পারে বিশ্ব। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ কোন কোন ক্রিকেটারের দিকে বিশেষ নজর থাকবে, তা পরিসংখ্যানে দেখে নিন।

দিল্লি ক্যাপিটালস শিবিরে রেকর্ডের হাতছানি
চলতি আইপিএলের ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে টুর্নামেন্টের প্রথম পর্বে দুর্দান্ত ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ নেতৃত্বাধীন দিল্লি কী একাদশ নিয়ে মাঠে নামবে, তা সময় এলে জানা যাবে। সুযোগ পেলে নজির গড়ার হাতছানি পাবেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে ও অমিত মিশ্র। ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক আর ৫৯ রান করলেই আইপিএলে তাঁর ৪ হাজার রান পূর্ণ হবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের লেগ স্পিনার অমিত মিশ্রকে টুর্নামেন্টে সর্বাধিক উইকেট সংগ্রাহক হতে আর পাঁচ উইকেট নিতে হবে। আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭০ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বিতীয় স্থানে থাকা অমিত মিশ্রের উইকেট সংখ্যা ১৬৬। আজ মাঠে নামলে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে ১০০টি আইপিএল ম্যাচ খেলবেন অমিত। এমন নজির বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই।

সানরাইজার্স হায়দরাবাদের সামনে রেকর্ডের হাতছানি
জনি বেয়ারস্টো না থাকায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচে হয়তো খেলবেন ঋদ্ধিমান সাহা। আর ১৩ রান করলেই আইপিএলে দুই হাজার রান পূর্ণ হবে বাংলা তথা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। আজ মাঠে নামার সুযোগ পেলে এবং দুই উইকেট নিতে পারলে আইপিএলে হাফ সেঞ্চুরি হাঁকাবেন সানরাইজার্স হায়দরাবাদের সিদ্ধার্থ কৌল। অর্থাৎ টুর্নামেন্টে ৫০ উইকেট নেবেন পাঞ্জাবের ফাস্ট বোলার।

দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেট
প্রথম পর্বে আইপিএল যতটুকু খেলা হয়েছে, তার নিরিখে রান সংগ্রহে শীর্ষ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। আটটি ম্যাচ খেলে তিনি ৩৮০ রান হাঁকিয়েছেন। তিনটি অর্ধশতরান এসেছে গব্বরের ব্যাট থেকে। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ৯২। ওই পর্বে দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আবেশ খান। আট ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন এই তরুণ ফাস্ট বোলার।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেট
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। সাত ম্যাচ খেলে তিনি ২৪৮ রান করেছেন। যদিও তিনি দ্বিতীয় পর্বে খেলছেন না। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নার ৬ ম্যাচ খেলে ১৯৩ রান করেছেন। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রশিদ খান। সাত ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন আফগানিস্তানের স্পিনার।












Click it and Unblock the Notifications