আইপিএলে দিল্লি বনাম হায়দরাবাদ, টস জিতে ব্যাটিং দিল্লির, দুই দলেই পরিবর্তন
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দিয়েই শেষ হবে চলতি আইপিএলের চেন্নাই পর্বের খেলা। টস জিতে ব্যাটিং নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির প্রথম একাদশে ললিত যাদবের জায়গায় এসেছেন অক্ষর প্যাটেল। করোনাজয়ী অক্ষর এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলবেন। চোটের কারণে সানরাইজার্স পাচ্ছে না ভুবনেশ্বর কুমারকে। দলে এসেছেন ২০১৯ সালে শেষ আইপিএল খেলা কর্নাটকের জগদীশা সুচিথ।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
চার ম্যাচে তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দল। চেন্নাইয়ে পৌঁছেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, চার ম্যাচের তিনটিতে হারার পর আগের পাঞ্জাব কিংস ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স। কলকাতা-রাজস্থান ম্যাচের পর অবশ্য পয়েন্ট তালিকায় সানরাইজার্স সপ্তম স্থানে নেমে গিয়েছে। ফর্মে থাকা দিল্লির বিরুদ্ধে তাই যে কোনও মূল্যে জয় চাইছেন ওয়ার্নাররা। দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৮ বার। সানরাইজার্স জিতেছে ১১টিতে। দিল্লি ক্যাপিটালস জিতেছে সাতটিতে। গত বছরের আইপিএলে লিগ পর্যায়ে সানরাইজার্স দুবার জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের হারিয়ে দিয়েছিল ক্যাপিটালস। প্রথম সাক্ষাতে ৮৮ রানে জিতেছিল সানরাইজার্স, ফিরতি ম্যাচে জয় ১৫ রানে। তবে কোয়ালিফায়ারে ১৭ রানে দিল্লির কাছে হেরে ছিটকে যায় সানরাইজার্স।
সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সামনে বেশ কয়েকটি নজিরের হাতছানি রয়েছে। আর একটি ছক্কা মারলে আইপিএলে ২০০ ছক্কা মারার ক্লাবে যোগ দেবেন ওয়ার্নার। ৪৬ রান করলে টি ২০-তে তাঁর ১০ হাজার রান পূর্ণ হবে। এই ম্যাচে অর্ধশতরান করলে আইপিএলে ৫০টি হাফ সেঞ্চুরির মালিক হবেন ওয়ার্নার। একটি উইকেট পেলে টি ২০-তে ২৫০টি উইকেট হবে দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। চার উইকেট পেলে আইপিএলে নিজের ঘরের মাঠ চিপকে ৫০টি উইকেট দখলের অধিকারী হবেন অশ্বিন। কেভিন পিটারসেন, ইয়ন মর্গ্যান, জস বাটলারের পর ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে জনি বেয়ারস্টোর দরকার আর ৩৬ রান।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, বিরাট সিং, অভিষেক শর্মা, কেদার যাদব, রশিদ খান, জগদীশা সুচিথ, সিদ্ধার্থ কৌল ও খলিল আহমেদ।
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, অমিত মিশ্র ও আবেশ খান।












Click it and Unblock the Notifications