IPL 2021 : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের অনায়াস জয়, ফের শীর্ষে রাজধানী ও ধাওয়ান
আইপিএল ২০২১-র গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারাল শক্তিশালী দিল্লি ক্যাপিটালস। ৮ উইকেটে ম্যাচ জিতে আরও একবার লিগ শীর্ষ পৌঁছে গেল ঋষভ পন্থের দল। ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করে কেএল রাহুলকে টপকে আরও একবার টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন শিখর ধাওয়ান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই দলের লক্ষ্য বলে জানিয়েছিলেন অভিজ্ঞ নেতা। শিশির পড়ার সম্ভাবনা থাকায় রাতে মাঠের আউট ফিল্ড স্লো হয়ে হওয়ার পাশাপাশি পিচও মন্থর হয়ে যেতে পারে বলে মনে করেছিলেন উইলিয়ামসন। কিন্তু তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাতে অক্ষম হন সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ১১ ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে দল। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নিজেও।
Dominant @DelhiCapitals seal a comfortable win! 👌 👌
— IndianPremierLeague (@IPL) September 22, 2021
The @RishabhPant17-led unit register their 7th win of the #VIVOIPL & move to the top of the Points Table. 👏 👏 #DCvSRH
Scorecard 👉 https://t.co/15qsacH4y4 pic.twitter.com/5CAkMtmlzu
কোনও রান না করেইল আনরিখ নরকিয়ার বলে ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার। ১৭ বলে ১৮ রান করে আউট হন ঋদ্ধিমান সাহা। দুই বার জীবনদান পেয়েও ক্রিজে টিকে থাকতে পারেননি কেন উইলিয়ামসন। ২৬ বলে ১৮ রান করেন কেন। ১৬ বলে ১৭ রান করে কাগিসো রাবাডার বলেই আউট হন মনীশ পাণ্ডে। ৮ বলে ৩ রান করে আউট হন কেদার যাদব। ৯ বলে ১০ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ জেসন হোল্ডার। শেষবেলার চালিয়ে খেলেন আব্দুল সামাদ। দুটি ছক্কা ও একটি চার সহ। ২১ বলে ২৮ রান আসে তাঁর ব্যাট থেকে। রান আউট হন রশিদ খান। ২টি চার ও একটি ছক্কা সহ ১৯ বলে ২২ রান আসে তাঁর ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের হয়ে সবার্ধিক ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। ২টি করে উইকেট নিয়েছেন আনরিখ নরকিয়া ও অক্ষর প্যাটেল।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন পৃথ্বী শ। শুরুটা ভাল করেও ৮ বলে ১১ রান করে আউট হয়ে যান দিল্লি ক্যাপিটালসের ওপেনার। অন্যদিকে দাঁড়িয়ে থাকা শিখর ধাওয়ান এদিনও সাবলীলভাবে ব্যাট করে গেলেন। ৩৭ বলে ৪২ রানের দাপুটে ইনিংস খেলে তিনি ক্রিকেট প্রেমীদের এই প্রশ্নে ভাবালেন যে গব্বরকে টি২০ বিশ্বকাপগামী ভারতীয় দলের বাইরে রেখে ভুল করলেন না তো নির্বাচকরা। সানরাইজার্স হায়দরাবাদের বুধবারের ম্যাচে ৬টি চার একটি চার হাঁকান ধাওয়ান।

অন্যদিকে দীর্ঘ প্রায় আট মাস পর বাইশ গজে ফিরেই নিজেকে প্রমাণ করলেন শ্রেয়স আইয়ার। শুরুটা ধীর গতিতে করে আচমকাই গিয়ার পরিবর্তন করেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক। ৪১ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন আইয়ার। দুটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। চার নম্বরে ব্যাট করতে নেমে মারমুখী মেজাজে ব্যাটিং করেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। তিনটি চার ও দুটি ছক্কা সহযোগে ২১ বলে ৩৫ রান করেন তরুণ নেতা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন খলিল আহমেদ ও রশিদ খান।
আরও একবার আইপিএল তালিকার শীর্ষে পৌঁছত পেরে খুশি হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। ম্যাচে অনবদ্য বোলিং করা আনরিখ নরকিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তরুণ নেতা। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার পিচ থেকে যে পেস এবং বাউন্স পাচ্ছেন, তাতে তিনি চলতি টুর্নামেন্টে দিল্লি দলের সম্পদ হতে চলেছেন বলে মনে করেন অধিনায়ক ঋষভ। ম্যাচ জয়ের পর আলাদা করে তিনি দলের ব্যাটসম্যাানদেরও প্রশংসা করেছেন।
4️⃣0️⃣0️⃣ runs and counting for the season 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) September 22, 2021
Gabbar, you beauty 💙#DCvSRH #YehHaiNayiDilli #IPL2021 pic.twitter.com/dXrAXhiRyr
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন শিখর ধাওয়ান। তাঁর নামের পাশে জুড়ে গিয়েছে ৪২২ রান। কমলা টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি এক অনন্য ক্লাবের সদস্যও হয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। ডেভিড ওয়ার্নার ও সুরেশ রায়নার পর আইপিএলের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টানা ৬টি সংস্করণে ৪০০-র বেশি রান করার নজির গড়েছেন গব্বর। সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে থাকতে পেরে বেশ চনমনে দেখিয়ে ধাওয়ানকে।












Click it and Unblock the Notifications