IPL 2021 : ৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে চার দল, হায়দরাবাদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা আছে কি?
আইপিএল ২০২১ : কমলা ও বেগুনি টুপির দৌড়ে এগিয়ে কারা, ৮ পয়েন্টে অবস্থান করছে চার দল।
জমে উঠেছে চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। পরপর ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। লিগ তালিকায় আট পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে চার দল। সোমবার রাজস্থান রয়্যালসকে হারানো সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা সামান্য হলেও উজ্জ্বল হয়েছে বলা চলে। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের বর্তমান স্থিতি। কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন কারা, তা জেনে নেওয়া যাক।

৮ পয়েন্টে চার দল
চলতি আইপিএলে নিচের দিকে থাকা দলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৮ পয়েন্টে অবস্থান করছে চার দল। সবচেয়ে ভালো জায়গায় অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ খেলা কেকেআরের নেট রান রেট অন্যান্য দলগুলির থেকে অনেক বেশি। তাই লিগ তালিকার চতুর্থ স্থানে তাদের অবস্থান। আইপিএল তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে পাঞ্জাব কিংস। তাদেরও পয়েন্ট ৮। অবশিষ্ট চার ম্যাচের মধ্যে অন্তত তিনটি ম্যাচ জিততে পারলে প্লে-অফ খেলার সুযোগ পাবেন কেএল রাহুলরা। সম পরিমাণ ম্যাচ খেলে একই পয়েন্টে দাঁড়িয়ে থাকা রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের সমস্যা একটু বেশি।

সানরাইজার্স হায়দরাবাদের সুযোগ আছে কি
হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটের জয় হাসিল করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচ খেলে তারা ৪ পয়েন্টে অবস্থান করছে কেন উইলিয়ামসন শিবির। সামগ্রিকভাবে দেখলে হায়দারাবাদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা কার্যত। তবে আট পয়েন্টে দাঁড়িয়ে থাকা দলগুলি পরপর ম্যাচ হারতে থাকলে এবং হায়দরাবাদ নিজেদের অবশিষ্ট চারটি ম্যাচ জিতলে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর ক্ষীণ সম্ভাবনা এখনও তাদের সামনে রয়েছে বলা যেতে পারে। লিগ তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস আর একটি করে ম্যাচ জিতলেই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে। দুই দলই ১৬ পয়েন্টে অবস্থান করছে।

কমলা ও বেগুনি টুপির লড়াই
চলতি আইপিএলে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকদের তালিকায় ক্রিকেটারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ব্যাটারদের তালিকায় শিখর ধাওয়ানকে টপকে গিয়েছেন সঞ্জু স্যামসন। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৪৩৩ রান করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা শিখর ধাওয়ান ১০ ম্যাচ খেলে ৪৩০ রান করেছেন। বোলারদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন হর্ষল প্যাটেল। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাস্ট বোলার। ১০টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালসের আবেশ খান।












Click it and Unblock the Notifications