আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে কতটা গর্জেছে বিরাটের ব্যাট? কী বলছে পরিসংখ্যান?
আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে কীভাবে গর্জেছে বিরাটের ব্যাট, কী বলছে পরিসংখ্যান
আজ সন্ধ্যায় চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে দুই দলের ব্যাটিং ও বোলিং বিভাগের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে আজ আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে কোনও বড় ইনিংস আসে কিনা, সেদিকেও তাকিয়ে থাকবে ক্রিকেট মহল। এর আগে পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে কেমন পারফরম্যান্স করেছেন ভিকে, তা জেনে নেওয়া যাক।

২০১৩ সালে ৪৩ বলে ৫৭
২০১৩ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওই ম্যাচে ৪৩ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৬টি চার ও দুটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। যদিও ম্যাচ হেরেছিল আরসিবি।

২০১৯ সালে ৫৩ বলে ৬৭
২০১৯ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ মোহালিতে খেলতে নেমেছিল ব্যাঙ্গালোর। ম্যাচে ৫৩ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আটটি চার হাঁকিয়েছিলেন আরসিবি অধিনায়ক।

পাঞ্জাবের বিরুদ্ধে কোহলির শতরান
২০১৬ সালের আইপিএলে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে ১১৩ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। মাত্র ৫০ বলের ওই ইনিংস ১২টি চার ও আটটি ছক্কা দিয়ে সাজানো ছিল। ম্যাচও ৮২ রানে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

পাঞ্জাবের বিরুদ্ধে বিরাটের মোট আইপিএল রান
আইপিএলে এখনও পর্যন্ত পাঞ্জাবের বিরুদ্ধে ৬৮১ রান করেছেন বিরাট কোহলি। দুই দলের মুখোমুখি সমরে তাঁর এই রান রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে অবস্থান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম ভরসা এবি ডিভিলিয়ার্স, প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে ৬৯২ রান করেছেন।












Click it and Unblock the Notifications