খোঁচা খাওয়া বেন স্টোকস সোশ্যাল মিডিয়াতেও স্বমহিমায়, আইপিএল নিয়ে দিলেন জবাব
বেন স্টোকসকে খোঁচা দিতে গিয়ে সপাটে জবাব পেলেন রজার নামে এক ক্রিকেটপ্রেমী। দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে স্টোকস প্রাধান্য দেন বলে বোঝাতে চেয়েছিলেন তিনি। স্টোকস অবশ্য স্বমহিমায় তাঁকে বোল্ড করেছেন।
When have I ever been to tired to bowl in a England shirt pal??? https://t.co/854pfJRDXA
— Ben Stokes (@benstokes38) March 31, 2021

সপাটে জবাব
ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বেন স্টোকস সংবাদমাধ্যমে বলেছিলেন, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। রাজস্থান রয়্যালসের বড় ভরসা স্টোকসে খোঁচা দিয়ে ওই ক্রিকেট ভক্ত লেখেন, বিপুল আর্থিক হাতছানি থাকা আইপিএল খেলার পর ইংল্যান্ডের জার্সিতে তো ফের বল করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বেন! স্টোকস তাঁকে জবাব দিয়ে লেখেন, ইংল্যান্ডের হয়ে বল করার সময় কখন আমাকে ক্লান্ত দেখিয়েছে?

ইংল্যান্ডের স্তম্ভ
বেন স্টোকসের সাফল্যের উপর ইংল্যান্ড কতটা নির্ভরশীল তা দেখা গিয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজেই। এমনকী আইপিএল খেলার আগে স্টোকস সাদা বলের ক্রিকেট বেশি খেলতে চান বলে তাঁকে বিশ্রাম দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন ইয়ন মর্গ্যান। কখনও ব্যাট হাতে আবার কখনও বল হাতে চমকপ্রদ সাফল্য স্টোকস পেয়েছেন বহুবার। আবার মাঠের ভিতর তাঁর আক্রমণাত্মক ভঙ্গিও বিতর্ক তৈরি করেছে মাঝেমধ্যেই। ভারত-ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির সঙ্গে কথা কাটাকাটিতেও তাঁকে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। স্টোকস মনে করেন, আইপিএল খেলার অভিজ্ঞতা এ বছরই ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে উপকৃত করবে ইংল্যান্ডের ক্রিকেটারদের। আর্থিক সমস্যায় জেরবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই সব ক্রিকেটারকেই পুরো আইপিএল খেলার অনুমতি দিয়েছে।

আত্মবিশ্বাসী স্টোকস
গত বছর আইপিএলে খুব খারাপ ফল হয়েছে রাজস্থান রয়্যালসের। ঘুরে দাঁড়াতে তাই দলে বেশ কিছু রদবদল আনা হয়েছে, নেওয়া হয়েছে নতুন ক্রিকেটারদেরও। নিলাম থেকে নতুনদের নিয়ে যে দল গড়া হয়েছে তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী বেন স্টোকস। এবার ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী স্টোকস ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, গত বছর আমাদের পারফরম্যান্সে নিশ্চিতভাবেই হতাশ। তবে গত বছর অনেক দলই শেষ অবধি প্লে অফে ওঠার দৌড়ে ছিল। আমাদের অসুবিধা হয়েছে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায়। একটা ভালো খেলেছি, তারপরই কয়েকটা বাজে ম্যাচ গিয়েছে। তবে প্রত্যেক মরশুমই নতুন। আমরা কী করতে পারি সে সম্পর্কে দলের সকলেই ওয়াকিবহাল। ক্রিস মরিস-সহ নতুন যাঁরা দলে যোগ দিয়েছেন তাতে আমাদের দলের শক্তি, গভীরতা দুটোই বেড়েছে। ফলে ভালো ফলের বিষয়ে আমি আত্মবিশ্বাসী। শেষের দিকে গত বছর বেশ কয়েকটি ম্যাচে ওপেন করতেও দেখা গিয়েছিল স্টোকসকে। এবার তাঁকে কোন ভূমিকায় ব্যবহার করা হয় সেদিকে তাকিয়ে সকলেই।

রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ
১২ এপ্রিল- পঞ্জাব কিংস, ১৫ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ১৯ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ২২ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৪ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২৯ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে), ২ মে সানরাইজার্স হায়দরাবাদ (বিকেল সাড়ে ৩টে), ৫ মে- চেন্নাই সুপার কিংস, ৮ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১১ মে- দিল্লি ক্যাপিটালস, ১৩ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ১৬ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৮ মে-কলকাতা নাইট রাইডার্স, ২২ মে- পঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications