রাজস্থান বনাম হায়দরাবাদের ম্যাচ শেষে করোনা আক্রান্ত দিল্লি স্টেডিয়ামের ৫ মাঠকর্মী
রাজস্থান বনাম হায়দরাবাদের ম্য়াচ শেষে করোনা আক্রান্ত দিল্লি স্টেডিয়ামের ৫ মাঠকর্মী
আইপিএলে করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার, চেন্নাই সুপার কিংসের সার্পোট স্টাফদের পর এবার কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছেন দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ তথা অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচ মাঠকর্মী। যাঁরা রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চালাকালীন নিজ নিজ কর্মে নিযুক্ত ছিলেন বলে জানানো হয়েছে। তাঁদের থেকে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

করোনা আক্রান্ত মাঠকর্মী
রবিবার চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। নিয়ম মেনে ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচের সঙ্গে যুক্ত সব কর্তা এবং কর্মীর কোভিড ১৯ টেস্ট করা হয়। পাঁচ মাঠকর্মীর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র তরফে বলা হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে বলে খবর।

ফের সবার কোভিড ১৯ পরীক্ষা
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচ মাঠকর্মীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েই নড়েচড়ে বসেছে বিসিসিআই ও ডিডিসিএ। আক্রান্তদের সংযোগে আসা রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের ফের কোভিড ১৯ টেস্ট করা হবে বলে জানানো হয়েছে।

মোট আটটি ম্যাচ হওয়ার কথা
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি আইপিএলে আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে চারটি ম্যাচ হয়ে গিয়েছে। করোনা ভাইরাস থাবা বসালে ওই মাঠে বাকি ম্যাচগুলি আয়োজন করা যে বেশ ঝুঁকিপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে বিসিসিআইয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতেই হবে।

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে
ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রায় ২ কোটি মানুষ। প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ১৮ হাজারেরও বেশি মানুষ। দেশে বর্তমানে করোনা আক্রান্ত অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষেরও বেশি।












Click it and Unblock the Notifications