আইপিএল ২০২০ : অযোগ্য ক্রিকেটারদের খেলান বলেই ব্যর্থ বিরাট, অভিযোগ প্রাক্তন আরসিবি কোচের
আইপিএল ২০২০ : অযোগ্য ক্রিকেটারদের খেলান বলেই ব্যর্থ বিরাট, অভিযোগ প্রাক্তন আরসিবি কোচের
করোনা ভাইরাসের আবহে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। ২১ সেপ্টেম্বর অভিযান শুরু করছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির রয়্যল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। এমন এক দল, যারা নামী ক্রিকেটারদের পসরা সাজিয়েও আসর মাত করতে ব্যর্থ হয় বরাবারই। আর এর জন্য আরসিবি অধিনায়ক বিরাট কোহলির দল নির্বাচনকে কাঠগড়ায় দাঁড় করালেন দলের প্রাক্তন কোচ রে জেনিংস। প্রকাশ্যে আনলেন তাঁর ও বিরাটের দ্বন্দ্ব।

অযোগ্য ক্রিকেটারদের নির্বাচন
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কোচিং করিয়েছেন রে জেনিংস। এই ছয় বছরের অভিজ্ঞতা যে তাঁর কাছে খুব একটা মধুর নয়, তা তিনি সাফ জানিয়েছেন। আইপিএলে আরসিবি-র লাগাতার ব্যর্থতার জন্য অধিনায়ক বিরাট কোহলির দল নির্বাচনের ভাবনাকেই কাঠগড়ায় তুলেছেন জেনিংস। বলেছেন, বেছে বেছে অযোগ্য ক্রিকেটারদের দলে নেন আরসিবি অধিনায়ক।

বিরাট বনাম জেনিংস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল নির্বাচন নিয়ে যে তাঁর সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্ব লেগেই থাকত, তা জানাতে কোনও রাখঢাকের তোয়াক্কা করেননি দলের প্রাক্তন কোচ রে জেনিংস। বলেছেন, নির্ধারিত পরিবেশ ও পরিস্থিতির জন্য তিনি যে যে ক্রিকেটারদের দলে রাখতে চাইতেন, তার বিরোধিতা করতেন নেতা বিরাট কোহলি। আরসিবি অধিনায়কের মাথায় সর্বদা অন্য ভাবনা কাজ করত বলেও দাবি করেছেম জেনিংস।

একাকী বিরাট কোহলি
আরসিবি-র প্রাক্তন কোচ রে জেনিংস জানিয়েছেন, কখনও কখনও দলের মধ্যে একাকী হয়ে যেতেন বিরাট কোহলি। যেনতেন প্রকারেণ তিনি নিজের চাহিদাকে দলে প্রয়োগ করার চেষ্টা করতেন বলেও দাবি করেছেন জেনিংস।

পথ দেখানোর মানুষ
বিরাট কোহলির ক্রিকেট মস্তিষ্ক যে দুর্দান্ত, সে কথা স্বীকার করেও রে জেনিংস মনে করেন, আরসিবি অধিনায়ককে সঠিক পথে চালনা করার জন্য এক জন অভিজ্ঞ মানুষ দরকার। দ্বন্দ্ব দূরে সরিয়ে বিরাটকে দুর্দান্ত ক্রিকেটার এবং ছাত্র বলেও আখ্যা দিয়েছেন প্রাক্তন আরসিবি কোচ। তবে কোহলির থেকে এখনও সেরাটা বেরোনো বাকি রয়েছে বলেও মনে বিশ্বাস করেন রে জেনিংস।












Click it and Unblock the Notifications