আইপিএল ২০২০ : 'পিতা' শ্রীনিবাসনের তির্যক মন্তব্যের জবাব দিলেন রায়না
আইপিএল ২০২০ : 'পিতা' শ্রীনিবাসনের তির্যক মন্তব্যের জবাব দিলেন রায়না
দুই ক্রিকেটার সহ চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন ওই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুরেশ রায়না। দুবাই ছেড়ে তিনি ভারতে ফিরে আসেন। দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানের আচরণে বিরক্ত হন সিএসকে মালিক এন শ্রীনিবাসন। সেই সময়ই তাঁর করা মন্তব্যের জবাব দিলেন 'চিন্না থালা'।

পিতা পুত্রকে বকতেই পারেন
এন শ্রীনিবাসন তাঁর উদ্দেশে তির্যক মন্তব্য করলেও ঠাণ্ডা মাথাতেই সিএসকে মালিককে জবাব দিয়েছেন সুরেশ রায়না। সত্তোরর্ধো শ্রীনিকে 'পিতা' বলে সম্বোধন করে তাঁর বকুনি তিনি আশীর্বাদ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন সিএসকে-র প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান। রায়নার কথায়, সিএসকে মালিক সর্বদাই তাঁকে নিজের ছোট ছেলের মতো দেখেছেন। শ্রীনিবাসন তাঁর হৃদয়ের খুব কাছে রয়েছেন বলেও জানিয়েছেন 'চিন্না থালা'।

আসল ঘটনা জানতেন না শ্রীনি!
আসল ঘটনা না জেনেই এন শ্রীনিবাসন তাঁকে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন বলে দাবি সুরেশ রায়নার। প্রকৃত সমস্যা জানানোর পর সিএসকে মালিকের সঙ্গে তাঁর চ্যাটে দীর্ঘক্ষণ ইতিবাচক কথা হয়েছে বলেও জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

কী বলেছিলেন শ্রীনিবাসন
সুরেশ রায়নার আইপিএল পরিত্যাগকে ভালো চোখে দেখেননি এন শ্রীনিবাসন। এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, আজকালকার ক্রিকেটাররা নিজেদের সিনেমার প্রধান চরিত্র হিসেবে ভাবেন। রায়না অনেকটা পুরনো দিনের রাগী অভিনেতাদের মতো আচরণ করছেন বলেও জানিয়েছিলেন শ্রীনি। বলেছিলেন, কখনও সখনও সাফল্য মানুষের মাথা ঘুরিয়ে দেয়। অর্থের জন্য রায়না ফের আইপিএল খেলবেন বলেও দাবি করেছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

আইপিএল ২০২০ খেলবেন কি রায়না
আইপিএল ২০২০ খেলার দরজা পুরোপুরি বন্ধ করে দেননি সুরেশ রায়না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে বাইশ গজে নামবেন বলেও আভাস দিয়ে রেখেছেন মিস্টার আইপিএল।












Click it and Unblock the Notifications