আইপিএল ২০২০: ধোনির অফ ফর্ম থেকে বিদায় ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আইপিএল ২০২০: ধোনির অফ ফর্ম থেকে বিদায় ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আইপিএল ২০২০তে একেবারেই ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনি। ১৩ তম আইপিএল ৩টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে প্রথম ম্যাচে ০। দ্বিতীয় ম্যাচে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিংয়ে এসেছিলেন। সংগ্রহ ছিল ১৭ বলে ২৯ রান। শেষ ওভারে ৩টি ছক্কা হাঁকালেনও বড় দেরিতে গিয়ার চেঞ্জ করায় মাহির পক্ষে ম্যাচ জেতানো সম্ভব হয়নি। এরপর দিল্লির বিরুদ্ধে ১২ বলে ১৫ রান! তিন ম্যাচের পর নামের পাশে ৪৪ রান। যা একেবারেই ধোনি সুলভ নয়!

ধোনি কি ফর্মে ফিরতে পারবেন?
এই আইপিএলে চেন্নাই জার্সিতে ধোনির ব্যাটিং টি-২০ ক্রিকেট বিশ্বকাপে জায়গা পাওয়ার চাবিকাঠি ছিল। অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলার পর অবশ্য ধোনিকে ঘিরে এখন আর সেই প্রত্যাশা নেই। কিন্তু ধোনিকে আগের মতো পুরনো মেজাজে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্ন ফ্যানেদের মনে ঘুরপাক খাচ্ছে। যা নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ধোনিকে নিয়ে যা বললেন সৌরভ
ধোনির ফর্ম নিয়ে প্রশ্নে সৌরভ মাহির পাশে দাঁড়ালেন। দীর্ঘ ১৪ মাস ক্রিকেটের বাইরে থাকার পর ধোনির পক্ষে এসেই পুরনো মেজাজে বল মাঠের বাইরে পাঠানো সম্ভব নয় মনে করছেন বিসিসিআই প্রসিডেন্ট। সেই কারণেই ধোনিকে আরও একটু সময় দিতে চাইছেন মহারাজ। আইপিএলে আরও কয়েকটি ম্যাচ সময় পেলে ধোনি নিজের পুরনো মেজাজে ফিরতে পারেন বলে মনে করছেন মহারাজ।

ধোনির বিদায় ম্যাচ কি হচ্ছে?
এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন , 'ধোনির মতো ক্রিকেটারের বিদায় ম্যাচ প্রাপ্য। তবে ধোনির সঙ্গে এই নিয়ে এখনও কোনও কথা হয়নি।'

স্বাধীনতা দিবসে ৭.২৯ মিনিটে ধোনির অবসর
প্রসঙ্গত চলতি বছরের ১৫ অগাস্ট সন্ধ্যে ৭.২৯ মিনিটে ক্রিকেট ফ্যানেদের হতাশ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুটজোড়া তুলে রাখেন ধোনি। দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ধোনি। মাহি বিশ্বের প্রথম এবং একমাত্র অধিনায়ক যিনি এই তিন ট্রফি জিতেছেন।












Click it and Unblock the Notifications