আইপিএল ২০২০ : সৌরভ সম্পর্কে ঠিক কী বলতে চেয়েছিলেন, বিতর্কের অবসান ঘটিয়ে বললেন শ্রেয়স
আইপিএল ২০২০ : সৌরভ সম্পর্কে ঠিক কী বলতে চেয়েছিলেন, বিতর্কের অবসান ঘটিয়ে বললেন শ্রেয়স
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে আইয়ারের কথা এমনই পরিস্থিতি তৈরি করেছে যে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন মহারাজ। তা বুঝেই ফের সরব হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। বিসিসিআই সভাপতি সম্পর্কে তিনি ঠিক কী বলতে চেয়েছেন তা স্পষ্ট করেছেন শ্রেয়স।
|
শ্রেয়স আইয়ারের টুইট
এক টুইট বার্তায় শ্রেয়স আইয়ার লিখেছেন, তরুণ ক্রিকেটার এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে আইপিএলের গত মরশুমে কিংবদন্তি রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন, তাতে তিনি ধন্য। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে দুই রথিকে তিনি সম্মান জানাতে চেয়েছিলেন বলে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।

শ্রেয়সের কোন মন্তব্যে বিতর্ক
রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর ম্যাচ শুরুর আগে, টসের সময় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেছিলেন, অধিনায়ক হিসেবে যে মানসিকতার প্রয়োজন, তা তিনি প্রতিনিয়ত শিখে চলেছেন। পাশে রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব থাকলে, সেই কাজ অনেক সহজ হয়ে যায় বলে জানিয়েছিলেন আইয়ার।

সৌরভকে নিয়ে বিতর্ক
সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের মন্তব্য তির্যক চোখে দেখে আইপিএল ২০২০-তে অংশ নেওয়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি। প্রশ্ন উঠে যায়, তবে কী এখনও চুপিসারে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের পরামর্শ দিয়ে চলেছেন বিসিসিআই সভাপতি। তা হলে তো স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়বেন মহারাজ! যদিও সঠিক সময়ে পরিস্থিতি সামাল দিয়েছেন শ্রেয়স।

দিল্লি ক্যাপিটালসের জয়
আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। হাড্ডাহাড্ডি ওই ম্যাচ সুপার ওভারে জিতেছিলেন শ্রেয়স আইয়াররা।












Click it and Unblock the Notifications