আইপিএল ২০২০ : আচমকা চোট পেয়ে মাঠের বাইরে রোহিত! পরিস্থিতি কতটা গুরুতর?
আইপিএল ২০২০ : আচমকা চোট পেয়ে মাঠের বাইরে রোহিত! পরিস্থিতি কতটা গুরুতর
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আর্চ রাইভাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠেই নামতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর পরিবর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে নেতৃ্ত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক তথা অল রাউন্ডার কাইরন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, রোহিতের বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে।

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোকাবিলায় নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। অথচ ম্যাচ শুরুর আগে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রোহিত শর্মাকে টস করতে না নামতে দেখে অবাক হন ক্রিকেট প্রেমীরা। পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে নামেন অভিজ্ঞ কাইরন পোলার্ড। কী হয়েছে রোহিতের, তা জানতে ক্রিকেট প্রেমীদের মনে আগ্রহ বাড়তে থাকে। ঠিক তখনই টুইটারে মুম্বইয়ের হয়ে বিবৃতি জারি করা হয়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার অনুশীলনের সময় বাঁ-পায়ের পেশীতে টান ধরে রোহিত শর্মার। নক-আউট পর্বের কথা মাথায় রেখে মু্ম্বই অধিনায়ককে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে না খেলার পরামর্শ দেন দলীয় ডাক্তার। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় নেওয়া সিদ্ধান্তে কাইরন পোলার্ডকে অধিনায়ক বেছে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
মাঠে নামতে না পারলেও এদিন মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে থাকতে দেখা যায় রোহিত শর্মাকে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ২৬০ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications