আইপিএলে মেজাজ হারালেন ক্যাপ্টেন কুল! চাপমুক্ত হয়ে কোন বার্তা সিএসকে অধিনায়কের?
আইপিএলে মেজাজ হারালেন ক্যাপ্টেন কুল! চাপমুক্ত হয়ে কোন বার্তা সিএসকে অধিনায়কের?
সচরাচর যা দেখা যায় না, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে মেজাজ হারিয়ে তাই করলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে মেজাজ হারালেন ক্যাপ্টেন কুল। কখনও সতীর্থ বোলারের ভুল, তো কখনও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন দেশের সফলতম অধিনায়ক। যা প্রমাণ করে যে এই ম্যাচ জিততে কতটা মরিয়া ছিলেন সিএসকে অধিনায়ক।

ম্যাচের প্রেক্ষাপট
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে সাত ম্যাচ চার পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করছিল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে এই ম্যাচ সহ কমপক্ষে পাঁচটি মোকাবিলা জিততেই হত এমএস ধোনি শিবিরকে। তাই হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের গুরুত্ব ছিল অন্য রকম।

গুরুত্ব বুঝেছিলেন ধোনি
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের গুরুত্ব বুঝেই টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করে বড় রান তুলতে চেয়েছিলেন সিএসকে অধিনায়ক। ২০১০ সালের আইপিএলে ঠিক যে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছিল দল, এবারও সেখান থেকেই দলকে টেনে তুলতে মরিয়া ছিলেন এমএস ধোনি।

মেজাজ হারান ধোনি
আগে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদকে ১৬৮ রানের লক্ষ্য দেয় চেন্নাই সুপার কিংস। মরণ-বাঁচন এই ম্যাচ জিততে দলের বোলার এবং ফিল্ডারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স চেয়েছিলেন অধিনায়ক এমএস ধোনি। সবকিছু পরিকল্পনা মাফিক চললেও মাঝে মাঝেই লাইনচ্যুত হচ্ছিলেন সিএসকে বোলাররা। অতি উৎসাহে কিছুক্ষেত্রে ফিল্ডিংয়েও গড়বড় করে ফেলেন রবীন্দ্র জাদেজারা। তাতে ক্ষিপ্ত হয়ে কখনও উইকেটের পিছন থেকে চেঁচিয়ে, তো কখনও ফিল্ডারের দিকে অগ্নিচক্ষু বর্ষণ করেন মাহি। ফিল্ডিং অনুযায়ী বল না করায় অধিনায়ক ধোনির কড়া ধমক খান লেগ স্পিনার করণ শর্মা।

আম্পায়ারের সঙ্গে বিতণ্ডা
সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের ১৯তম ওভার বল করেন চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। তাঁর অফ স্ট্যাম্পের বাইরে ফেলা বল চালাতে গেলে রশিদ খানের ব্যাট স্পর্শ করে। তা বুঝতে না পেরে ওই বলে ওয়াইড ঘোষণা করতে যান ফিল্ড আম্পায়ার পল রাইফেল। ঠিক তখনই উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা এমএস ধোনি ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তারপরই সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার।

এখনও অনেকটা পথ বাকি
এই জয়ে যে সবকিছু হাসিল হয়ে যায়নি, ম্যাচ শেষে তা সতীর্থদের বুঝিয়ে দিলেন এমএস ধোনি। এরপর থেকে ম্যাচ ধরে ধরে এগোতে চান সিএসকে অধিনায়ক। প্রতিটি ম্যাচ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বলে জানালেন ধোনি।












Click it and Unblock the Notifications