আইপিএল ২০২০ : বুমরাহের বিষাক্ত বোলিংয়ে কুপোকাত দিল্লি, হার ৫৭ রানে, সরাসরি ফাইনালে মুম্বই
আইপিএল ২০২০ : বুমরাহের বিষাক্ত বোলিংয়ে কুপোকাত দিল্লি, সরাসরি ফাইনালে মুম্বই
সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এবং জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোলিং বিষাক্ত বোলিংয়ে ভর করে আইপিএল ২০২০-এর ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ৫৭ রানে প্রথম কোয়ালিফায়ার হেরে বসে রইল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের সব বিভাগেই পরাস্ত হলেন শ্রেয়স আইয়াররা। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে রাজধানীর দলকে।

আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেছিলেন শ্রেয়স আইয়ার। শিশিরের জেরে রাতে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেছিলেন দিল্লির অধিনায়ক।
নেতা শ্রেয়সের সিদ্ধান্তক সম্মান জানিয়ে শুরুটা ভাল করেন রবিচন্দ্রণ অশ্বিন। শূন্য রানে রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। এরপর কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদবের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ হয়। ২৫ বলে ৪০ রান করে আউট হন ডি কক। ৩৮ বলে ৫১ রানের দাপুটে ইনিংসে খেলে মাঠ ছাড়েন যাদব। ৩০ বলে ৫৫ রান করেন ইশান কিষাণ। ১৩ রান করেন ক্রুনাল পান্ডিয়া। ১৪ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৩ উইকেট নিয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রণ অশ্বিন। একটি করে উইকেট নিয়েছেন আনরিচ নরকিয়া ও মার্কাস স্টইনিস। উইকেট পাননি টুর্নামেন্টের সেরা বোলার কাগিসো রাবাডা। ডেথ ওভারে মুম্বইয়ের রানের বন্যা ঠেকাতে ব্যর্থ হয় শ্রেয়স আইয়ারের দল। ইনিংসের শেষ ৩ ওভার থেকে ৫৫ রান বের করে রোহিত শর্মা শিবির।
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের দাপটে শূন্য রানে তিন উইকেট হারিয়ে আইপিএলে লজ্জাজনক অধ্যায় রচনা করে দিল্লি ক্যাপিটালস। কোনও রান না করেই সাজঘরে ফিরে যান পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে ও শিখর ধাওয়ান। দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার ১২ রান করে সাজঘরে ফিরে যান। মাত্র ৩ রান করেন ঋষভ পন্থ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেন মার্কাস স্টইনিস। ৪২ রান করেন অক্ষর প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি পরাজিত দল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে একটি মেডেন সহ ৪ উইকেট নেন বুমরাহ। ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এক উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।












Click it and Unblock the Notifications