আইপিএল ২০২০ : শারজার চতুর্দিকে এবিডি শো! কেকেআরের বিরুদ্ধে ১৯৪ তুলল আরসিবি
আইপিএল ২০২০ : শারজার চতুর্দিকে এবিডি শো! কেকেআরের বিরুদ্ধে ১৯৪ তুলল আরসিবি
শারজার ছোট মাঠে জ্বলে উঠলেন এবি ডিভিলিয়ার্স। তাঁর ৩৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে কেকেআরের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান তুলল আরসিবি। মাত্র ২ উইকেট হারালেন বিরাট কোহলিরা। মাঠের চতুর্দিকে শট মেরে আরও একবার নিজের জাত চেনালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

শারজায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআরের) বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজার ছোট মাঠ ও ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চেয়েছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন বোলাররা। তাতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে মনে করেন ভিকে।
অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আরসিবির হয়ে শুরুটা ভালই করেন দুই ওপেনার। দেবদত্ত পাড়িক্কল ও অ্যারন ফিঞ্চের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ হয়। ৩২ রান করে আউট হন দেবদত্ত। ৪৭ রান করে সাজঘরে ফেরেন ফিঞ্চ। এরপর অধিনায়ক বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের মধ্যে রানের পার্টনারশিপ হয়। কোহলির ব্যাট সেভাবে জ্বলে উঠতে না পারলেও মাঠের চতুর্দিকে শট মারেন এবিডি। তাঁর প্রহারের হাত থেকে রক্ষা পেলেন না প্যাট কামিন্স থেকে আন্দ্রে রাসেল।
কেকেআরের বিরুদ্ধে ২৫ বলের মাথায় প্রথম বাউন্ডারি পান বিরাট কোহলি। ২৮ বলে ৩৩ রানের ইনিংসের একমাত্রও বটে। অন্যদিকে ৩৩ বলে ৭৩ রানের ইনিংসে পাঁচটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়েছেন এবি ডিভিলায়ার্স। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও প্রসিদ্ধ কৃষ্ণা।












Click it and Unblock the Notifications