আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের দায় কাদের ওপর চাপালেন কেকেআর কোচ
আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের দায় কাদের ওপর চাপালেন কেকেআর কোচ
বুধবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আট উইকেটের পরাজয় হজম করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে এবার বেশ কসরত করতে হবে ইয়ন মর্গ্যান শিবির। তা বুঝেই দলের পারফরম্যান্সে অখুশি হয়েছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককুলাম। এই হারের দায় তিনি দলের ব্যাটিং বিভাগের ওপর চাপিয়েছেন।

বুধবার আবুধাবিতে আরসিবি-র ফাস্ট বোলার মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি এবং স্পিনার যুজবেন্দ্র চাহালের কাছে আত্মসমর্পণ করেন কেকেআরের ব্যাটসম্যানরা। ৪০ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ফেলেন ইয়ন মর্গ্যানরা। ৫৭ রানে সপ্তম এবং ইনিংসের শেষ বলে ৮৪ রানে অষ্টম উইকেট হারায় কেকেআর। তবে খেলা ৪০ রানে ৬ উইকেট পরার পরেই শেষ হয়ে গিয়েছিল বলে মনে করেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককুলাম।
কেকেআর কোচের মতে, ৪০ রানে ৬ উইকেট হারানোর পর কোন দলের পক্ষে ম্যাচে ফিরে আসা বেশ কঠিন। আরসিবি-র বিরুদ্ধে কেকেআরের পক্ষেও সম্ভব হয়নি বলে মনে করেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। আরসিবি-র বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে কেকেআরের কোনও ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় বিরক্তও হয়েছেন কোচ। বলেছেন, এমনটা হওয়ার কথা ছিল না।
যদিও পুরনো ব্যর্থতা ভুলে নিজেদের পরবর্তী মোকাবিলা নিয়ে ভাবতে শুরু করেছেন ব্রেন্ডন ম্যাককুলাম। শনিবার অর্থাৎ ২৪ অক্টোবর আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবেন দীনেশ কার্তিকরা। ওই ম্যাচে কেকেআর ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন কোচ ব্রেন্ডন।












Click it and Unblock the Notifications