আইপিএলের দ্রুততম বোলার হিসেবে অনন্য নজির অপ্রতিরোধ্য রাবাডার, টপকালেন নারিনকে
আইপিএলের দ্রুততম বোলার হিসেবে অনন্য নজির অপ্রতিরোধ্য রাবাডার
আইপিএলের দ্রুত বোলার হিসেবে ৫০ উইকেটের মালিক হলেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এই নজির গড়েছেন বিশ্বের এই মুহূর্তের অন্যতম সেরা ফাস্ট বোলার। চলতি টুর্নামেন্টে বেগুনি টুপি জয়ের দৌড়েও অনেকটা এগিয়ে গিয়েছেন অপ্রতিরোধ্য রাবাডা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৩ রান দেওয়ার পাশাপাশি ইন-ফর্ম ফ্যাফ ডুপ্লেসিসের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। সেই সঙ্গে টুর্নামেন্টে ৫০ উইকেট নেওয়ার অনন্য নজিরও গড়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। ২০১৭ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ২৭টি ম্যাচ খেলে ৫০টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। টুর্নামেন্টে ৭.৯৮ ইকোনমি রেটে বল করেছেন প্রোটিয়া ক্রিকেটার। ২১ রান দিয়ে ৪ উইকেট তাঁর সেরা বোলিং।
আইপিএলে দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার নজির এতদিন কেকেআর স্পিনার সুনীল নারিনের ঝুলিতে অক্ষত ছিল। টুর্নামেন্টে ৩২টি ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নারিনকে ছাপিয়ে গেলেন রাবাডা। আইপিএলের ৩৩তম ম্যাচে ৫০টি উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কা তথা মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকার শীর্ষ স্থানে অবস্থান করার পাশাপাশি কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। কোনও অঘটন না ঘটলে রাবাডাই যে আইপিএল ২০২০-তে বেগুনি টুপি জিততে চলেছেন, তা প্রায় নিশ্চিত।












Click it and Unblock the Notifications