আইপিএল ২০২০ : চেন্নাই বনাম রাজস্থান, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, নজরে থাকবে কোন কোন ক্রিকেটার
আইপিএল ২০২০ : চেন্নাই বনাম রাজস্থান, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল, নজরে থাকবে কোন কোন ক্রিকেটার
আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে অষ্টম রাজস্থান রয়্যালস। যে দল জিতবে, তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে থাকবে। যারা হারবে তারা কার্যত টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তাই ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। দেখে নেওয়া চেন্নাই ও রাজস্থানের মুখোমুখি লড়াইয়ের ফল। দুই দলের কোন কোন ক্রিকেটারের দিকে আজ নজর থাকবে, তাও দেখে নেওয়া যাক।

মুখোমুখি চেন্নাই ও রাজস্থান
আইপিএলে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। ৯ বার জিতেছে রাজস্থান রয়্যালস। যদিও আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে এমএস ধোনি শিবিরকে হারিয়েছিল স্টিভ স্মিথের দল।

শেষ দুই ম্যাচের ফল
আইপিএল ২০২০-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। জবাবে ২০০ রানে আটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের ইনিংস। আইপিএল ২০১৯-এর দ্বিতীয় লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস।

সিএসকে-র কোন কোন ক্রিকেটারের দিকে নজর
ব্যাটিং : আজ জিততে হলে চলতি টুর্নামেন্টে কার্যত রানহীন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে চমকপ্রদ পারফরম্যান্স করতেই হবে। ইন-ফর্ম শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডুদের দিকেও তাকিয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা।
বোলিং : আইপিএল ২০২০-তে এখনও সেভাবে দাগ কাটতে পারেনি চেন্নাই সুপার কিংসের বোলিং। তবু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জ্বলে উঠতেই পারেন দীপক চাহার, শার্দুল ঠাকুর, করণ শর্মারা।

রাজস্থানের কোন কোন ক্রিকেটারের দিকে নজর
ব্যাটিং : অধিনায়ক স্টিভ স্মিথ, উইকেটরক্ষক জস বাটলারের দিকে তাকিয়ে থাকবে রাজস্থান রয়্যালস। রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ ও রাহুল তেওয়াটিয়ার ব্যাটিংও নজরে থাকবে।
বোলিং : চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড ফাস্ট বোলার জোফ্রা আর্চার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন। শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগীদের লড়াইও দেখার জন্য মুখিয়ে ক্রিকেট বিশ্ব।












Click it and Unblock the Notifications