আইপিএল ২০২০ ফাইনাল: দুবাইয়ে মুম্বই বনাম দিল্লি মহারণ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের
আইপিএল ২০২০ ফাইনাল: দুবাইয়ে মুম্বই বনাম দিল্লি মহারণ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের
প্রতীক্ষা অবসান। শুরু হয়ে গেল আইপিএল ২০২০ মেগা ফাইনাল। দুবাইয়ে আইপিএল ১৩-র ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার আজ ফাইনাল খেলতে নামল মুম্বই। অন্যদিকে এই প্রথম আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালস। টস জিতে এদিন রোহিতের দলের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রেয়স আইয়ারের।

মুম্বই দলে এদিন গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে মাঠে নামলেন রোহিত শর্মা। চার বারের আইপিএল চ্যাম্পিয়ন দল এদিন রাহুুল চাহারকে বসিয়ে জয়ন্ত যাদবকে ফাইনালে খেলাচ্ছে। এই নিয়ে রোহিত জানালেন, বিপক্ষ দলে একাধিক বাঁ-হাতি থাকার কারণেই এদিন জয়ন্ত যাদবকে খেলানো হচ্ছে। অন্যদিকে দিল্লি দলে এদিন কোনও পরিবর্তন নেই। দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের বিরুদ্ধে জয়ী দলের কম্বিনেশন ধরে রেখেই আজ মাঠে নামলেন শ্রেয়স আইয়ার।
একনজরে মুম্বই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, ন্যাথন কুল্টারনাইল, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
একনজরে দিল্লি ক্যাপিটালস একাদশ
শিখর ধাওয়ান, মার্কাস স্টোইনিস, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), সিমরন হেটমায়ের, ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, প্রবীণ দুবে, কাসিগো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন, আনরিখ নর্কিয়া।
প্রসঙ্গত আইপিএলে এদিন ২০০তম ম্যাচ খেলতে নামলেন রোহিত শর্মা। মাইলস্টোন ম্যাচের দিন হিটম্যান জয়ী অধিনায়ক হিসেবে মুম্বইকে পঞ্চম আইপিএল ট্রফি দিতে পারেন, নাকি শ্রেয়স আইয়ার প্রথমবারের জন্য দিল্লিকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন,সেটাই এখন দেখার। উল্লেখ্য আইপিএলের ইতিহাসে পাঁচ বার ফাইনাল খেলে মুম্বই চারবার চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়ক হিসেবে চারবারই রোহিত শর্মা দলকে ট্রফি দিয়েছেন।












Click it and Unblock the Notifications