আইপিএল ২০২০: ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলবেন অশ্বিন? চোট নিয়ে দিলেন আপডেট
আইপিএল ২০২০: ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলবেন অশ্বিন, চোট নিয়ে দিলেন আপডেট
আইপিএল ২০২০তে প্রথম ওভারে হাত ঘুরিয়ে প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শুরুটা দারুণ করলেও রবিবার চোট পেয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১ ওভার বল করে অশ্বিন ২ রান খরচে ২টি উইকেট তুলে নেন। তাঁর বোলিংয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফেরে দিল্লি। নিজের ওভারে রান আটকাতে গিয়ে এরপর ডাইভ দিতে বাঁ-হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন। এবার সেই চোট নিয়ে আপডেট দিলেন দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার।

অশ্বিনের চোট নিয়ে আগেই দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, 'অশ্বিনের সঙ্গে কথা হয়েছে। চোট গুরুতর নয়। বিশ্রামের পর সেরে উঠছে। পরের ম্যাচে খেলবে বলে জানিয়েছে'। এবার নিজের টুইট করে চোট নিয়ে আপডেট দিলেন অশ্বিন।
অশ্বিন টুইটে লিখেছেন, 'চোটটা পাওয়ার পর মারাত্মক যন্ত্রণা করছিল। সেই কারণেই নিজের বোলিং কোটা সম্পূর্ণ করতে পারিনি। মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। এখন পরিস্থিতি অনেকটা উন্নত। ব্যথা কমেছে। স্ক্যানের রিপোর্টও সন্তোষজনক। ভয়ের কিছু নেই। ফ্যানরা সুস্থতা কামনা করে আরোগ্য কামনা করেছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই।'
অশ্বিনের কথাতেই পরিষ্কার, সব কিছু ঠিকঠাক থাকলে পরের ম্যাচে তাঁর মাঠে নামতে অসুবিধে হওয়ার কথা নয়। ২৫ সেপ্টেম্বর চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস দল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। ভারতীয় সময় ৭.৩০ মিনিটে দুই দলের খেলা দেখা যাবে।












Click it and Unblock the Notifications