আইপিএল ২০২০: রাজস্থানের জার্সিতে আইপিএল অভিষেক, দীপকের বাউন্সারের ফাঁদে স্বপ্নভঙ্গ যশশ্বীর
আইপিএল ২০২০: রাজস্থানের জার্সিতে আইপিএল অভিষেক, দীপকের বাউন্সারের ফাঁদে স্বপ্নভঙ্গ যশশ্বীর
সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে দেবদূত পড়িক্কল আইপিএল অভিষেকেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। মঙ্গলবার রাজস্থানের জার্সিতে যশশ্বী জয়সওয়ালের আইপিএল অভিষেকে এমন প্রত্যাশাই তৈরি হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। আইপিএল ২০২০তে তাঁর অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না যশশ্বী।

দেশের হয়ে ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক যশশ্বী এদিন শুরুটা অবশ্য খারাপ করেননি। অভিজ্ঞ স্টিভ স্মিথের সঙ্গে ওপেনিং করতে নামেন। এরপর তাঁর ব্যাটে রাজস্থানের ইনিংসের প্রথম চারটি আসে। তৃতীয় ওভারের প্রথম বলে দীপক চাহারের করা শর্ট লেন্থ বলে টাইমিং বার করে নিয়ে পুল শটে চার হাঁকান যশশ্বী। বল মিড উইকেটের বাউন্ডারি ছুঁতে আত্মবিশ্বাস ফিরে পান তরুণ ক্রিকেটার।
এর পরের বলেই অবশ্য ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ ৬ টি উইকেট নেওয়া অভিজ্ঞ দীপক চাহারের ফাঁদে পড়ে যান। দীপকের স্লোয়ার বাউন্সার বুঝতে না পেরে চালিয়ে খেলতে গিয়ে যশশ্বী ক্যাচ তুলে দেন।
নিজের বোলিংয়ে দৌড়ে গিয়ে সেই ক্যাচ নিতে এরপর কোনও ভুল করেননি দীপক। কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচে ৬ রানে আউট হয়ে মাঠ ফিরেন যশশ্বী। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলে তারকা হওয়া যশশ্বী এদিন সুবিধেজনক ব্যাটিং করতে না পারলেও তিন নম্বরে নেমে সঞ্জু স্যামসন হাফ সেঞ্চুরি হাঁকানোয় চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে চালকের আসনে রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications