আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েও মুখে হাসি! ঘুরে দাঁড়ানোর বার্তা কিংবদন্তি ধোনির
আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েও মুখে হাসি! ঘুরে দাঁড়ানোর বার্তা কিংবদন্তি ধোনির
এমন শোচনীয় পরাজয় চেন্নাই সুপার কিংস তো বটেই, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ারে বিরল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ হারার পাশপাশি আইপিএল ২০২০-এর প্লে-অফ থেকে কার্যত ছিটকে গেল সিএসকে। তা জেনেও মুখের সেই পরিচিত হাসিটি লুকিয়ে রাখার চেষ্টা করেননি ক্যাপ্টেন কুল। কেরিয়ারের অস্তাচলে এমন বিপর্যয়ের মুখে পড়েও ধোনির বার্তা, কষ্ট হলেও হাসতে হবে। তবেই তো ঘুরে দাঁড়াবে সময়।

বছরটা তাঁদের নয়
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল ২০২০ অভিযান শুরু করলেও, একই দলের বিরুদ্ধে হেরে অস্তাচলে গেল চেন্নাই সুপার কিংস। চলতি টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৬ পয়েন্ট হাসিল করতে সক্ষম হওয়া সিএসকে অধিনায়ক এমএস ধোনির বক্তব্য, এই বছরটা তাঁদের ছিল না। এই বিপর্যয়ের জন্য বুকের ভিতরে কষ্ট হলেও তিনি হাসি বন্ধ করতে রাজি নন বলেও জানিয়েছেন এমএসডি।

সবাই চেষ্টা করেছেন
চলতি আইপিএলে দলের এমন পারফরম্যান্সে সিএসকে-র প্রতিটি ক্রিকেটার ব্যথীত বলে জানিয়েছেন অধিনায়ক এমএস ধোনি। তবে দলের প্রত্যেক সদস্য তাঁদের মতো করে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন সিএসকে নেতা। টুর্নামেন্টে তাদের অবশিষ্ট তিন ম্যাচ জেতাই চেন্নাইয়ের লক্ষ্য বলে জানিয়েছেন মাহি।

ব্যাটিং অর্ডার
আইপিএল ২০২০-তে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগ যে সেভাবে জ্বলে উঠতে পারেনি, তা মেনে নিয়েছে অধিনায়ক এমএস ধোনি। বলেছেন, স্থায়ী মিডল অর্ডারের অভাবে ভুগতে হয়েছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন দলকে।

খারাপ সময় আসে
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে হেরে যাওয়াটাই কাল হয়েছে বলে মনে করেন এমএস ধোনি। তাঁর কথায়, কখনও কখনও ম্যাচ জিততে ভাগ্যেরও প্রয়োজন হয়। সেই ভাগ্য এদিন তাঁদের কাছে ছিল না বলে স্বীকারও করে নিয়েছেন সিএসকে অধিনায়ক। বলেছেন, খারাপ সময় সব পর্যায়ে আসে। এক্ষেত্রেও তাঁদের সঙ্গে তেমন কিছু ঘটছে বলে মনে করেন এমএস ধোনি। তবে জেতা-হারা যে জীবনের অঙ্গ, তাও জানাতে ভোলেননি সিএসকে অধিনায়ক।












Click it and Unblock the Notifications