আইপিএল ২০২০ : ২৯ বলে ৫৮, ছন্দে ফিরে সমালোচনাকে ছক্কা হাঁকালেন কার্তিক
আইপিএল ২০২০ : ২৯ বলে ৫৮, ছন্দে ফিরে সমালোচনাকে ছক্কা হাঁকালেন কার্তিক
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে আইপিএল ২০২০-তে পাঁচ ম্যাচ খেলে ৪৯ রান করেছিলেন দীনেশ কার্তিক। তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। মুখ বুজে সব সহ্য করে অবশেষে ব্যাট হাতে জবাব দিলেন কেকেআরের অধিনায়ক। শনিবার আবুধাবিতে বিধ্বংসী ব্যাটিং করে ফের নিজের জাত চেনালেন ডিকে। সব সমালোচনাকে মাঠের বাইরে পাঠালেন।

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে শাহরুখ খানের দল। কেকেআরের ইনফর্ম ওপেনার রাহুল ত্রিপাঠী মাত্র ৪ রান করে আউট হন। ২ রান করে রান আউট হন নীতীশ রানা। এরপর কেকেআর ওপেনার শুভমান গিল ও ইয়ন মর্গ্যানের মধ্যে ৪৯ রানের পার্টনারশিপ হয়। ২৩ বলে ২৪ রান করে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক। অন্যদিকে পিচ কামড়ে পড়ে থাকেন গিল। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ হয় শুভমানের।
কার্যত অন্ধকার গুহা থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক দীনেশ কার্তিক। ২৯ বলে ৫৮ রানের ইনিংস খেলার সময় মাঠের চতুর্দিকে সুন্দর সুন্দর শট খেললেন কেকেআর অধিনায়ক। আটটি চার ও ২টি ছয় আসে তাঁর ব্যাট থেকে। কিংস ইলেভেন পাঞ্জাবের সব বোলারের বিরুদ্ধেই রান করেন কার্তিক। তাঁর এই ইনিংসের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান তোলে কেকেআর। মাঠে বসে অধিনায়কের এমন ইনিংস দেখে খুশি হলেন দলের মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান।
আইপিএলে এখনও পর্যন্ত ১৮৮টি ম্যাচ খেলে ৩৭৬১ রান করেছেন দীনেশ কার্তিক। ১৯টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে কেকেআর অধিনায়কের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৭।












Click it and Unblock the Notifications