আইপিএল ২০২০ : শুরু করেও শেষ হল না রাসেল ধামাকা, ২৪-এ থামল ক্যারিবিয়ান ঝড়
আইপিএল ২০২০ : শুরু করেও শেষ হল না রাসেল ধামাকা, ২৪-এ থামল ক্যারিবিয়ান ঝড়
শুরু করেও শেষ হল না ঝড়। আজও দ্রুত সাজঘরে ফিরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সমস্যা বাড়িয়ে দিলেন আন্দ্রে রাসেল। হতাশ হলেন ক্রিকেট প্রেমীরা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। এরপরেই রণনীতিতে পরিবর্তন আনে কলকাতা। বিধ্বংসী আন্দ্রে রাসেলকে চার নম্বরে ব্যাট করতে পাঠায় দীনেশ কার্তিক শিবির।

ইনিংসের প্রথম কয়েকটা বল দেখে খেলেন আন্দ্রে রাসেল। বিশেষ করে রাজস্থানের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বেশ কয়েকটি বল দেখে খেলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। এরপর আচমকাই খেলায় গিয়ার বদল করেন রাসেল। লম্বা তিনটি ছক্কা হাঁকিয়ে কেকেআর ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশের সুযোগ দেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
আজ হয়তো বড় ইনিংস খেলবেন আন্দ্রে রাসেল। এমনটাই ভেবেছিলেন ক্রিকেট প্রেমীরা। ১৩ বলে ২৪ রানে পৌঁছে যান ক্যারিবিয়ান অল-রাউন্ডার। ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা রাসেলের বিরুদ্ধে তরুণ অঙ্কিত রাজপুতকে বল করতে ডেকে বাজিমাত করেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ। তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন রাসেল।
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩৫ রান করেছেন আন্দ্রে রাসেল। টুর্নমেন্টের ইতিহাসে মোট ৬৭টি ম্যাচ খেলে ১৪৩৫ রান করেছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। আইপিএলে রাসেলের স্ট্রাইক রেট ১৮৪.৯২।












Click it and Unblock the Notifications