আইপিএল ২০২০ : ১৮ বছরের যশশ্বীর দিকে তাকিয়ে বিশ্ব, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ধোনি!
আইপিএল ২০২০ : ১৮ বছরের যশশ্বীর দিকে তাকিয়ে বিশ্ব, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ধোনি!
আর কয়েক ঘণ্টার মধ্যেই শারজা ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস। ম্যাচকে ঘিরে উন্মাদনার প্রধান কারণ যদি হয় কিংবদন্তি এমএস ধোনির ব্যাটিং কামব্যাক, তো দ্বিতীয় কারণ ১৮ বছরের যশশ্বী জয়সওয়াল। জীবনের প্রথম আইপিএল ম্যাচ খেলতে চলা রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার তথা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক ক্রিকেটারকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে।

রাজস্থান রয়্যালসের জার্সিতে যশশ্বী
জোস বাটলারের অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের জার্সিতে ওপেন করতে দেখা যেতে পারে ১৮ বছরের যশশ্বী জয়সওয়ালকে। তরুণ অল-রাউন্ডারকে ২.৪ কোটি টাকা দিয়ে কিনেছে রাজ কুন্দ্রার দল। আরসিবি-র দেবদূত পাড়িক্কলের মতো যশশ্বীর ব্যাট থেকেও রানের বন্যা দেখতে চান ক্রিকেট প্রেমীরা। যদিও কাজটা কঠিন। কারণ প্রতিপক্ষ দলের নাম চেন্নাই সুপার কিংস এবং অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি।

দুর্দান্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্ব ভারতীয় দলের হয়ে ওপেন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন যশশ্বী জয়সওয়াল। শতরান সহ টুর্নামেন্টে ৪০০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ওই বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহকও হয়েছিলেন যশশ্বী।

ঘরোয়া ক্রিকেটের রানের বন্যা
মুম্বইয়ের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন যশশ্বী জয়য়ওয়াল। এই কম বয়সে তিনি দেশের তাবড় বোলারদের শাসন করে বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরান করেছিলেন। ওই টুর্নামেন্টে ৬টি ম্যাচ খেলে ৫৬৪ রান করেছিলেন যশশ্বী। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দুর্দান্ত খেলেছিলেন এই তরুণ ব্যাটসম্যান।

যশশ্বীর রেকর্ড
মুম্বইয়ের জার্সিতে বিজয় হাজারে ট্রফির এক ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রান করেছিলেন যশশ্বী জয়সওয়াল। ১৭ বছর ২৯২ দিনের মাথায় এই নজির গড়ায় দেশের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরান করেছিলেন জয়সওয়াল।












Click it and Unblock the Notifications