আইপিএল ২০১৯ : ফাইনালে এগিয়ে মুম্বই, চেন্নাইয়ের ভরসা ধোনি
আইপিএলের বিগ ফাইনালে আরো একবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চির-শত্রু এই দুই দল যতবারই মুখোমুখি হয়েছে, ততবারই ইতিহাস তৈরি হয়েছে।
আইপিএলের বিগ ফাইনালে আরো একবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চির-শত্রু এই দুই দল যতবারই মুখোমুখি হয়েছে, ততবারই ইতিহাস তৈরি হয়েছে। আর মঞ্চ যখন হয় বিগ ফাইনালের, কখনও সেই লড়াই এল-ক্লাসিকোর মর্যাদাও পেয়ে থাকে।

রবিবার আরো এক দুর্দান্ত সমরের সাক্ষ্মী হতে চলেছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ধারে, ভারে ও শক্তিতে প্রায় সমান-সমান নীল ও হলুদ ব্রিগেডের এই ম্যাচে তুল্যমূল্য লড়াই হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। দেশের সেরারা তো বটেই, টক্কর হবে বিদেশি খেলোয়াড়দের মধ্যেও। ক্যাপ্টেন কুলের ক্যারিশমার উপর ভরসা রেখেও ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
চলতি আইপিএলে প্রথম কোয়ালিফায়ার ছাড়া মোট তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ও চেন্নাই। তিন বারই ধোনির সিংহদের হারিয়েছে রোহিত বিগ্রেড। শেষ আট ম্যাচের সাতটিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। একবার জিতেছে চেন্নাই সুপার কিংস। পরিসংখ্যান এও বলছে, এখনও পর্যন্ত আইপিএলে দুই দলের সাক্ষাৎ হয়েছে ২৯ বার। ১৭ বার জিতেছেন রোহিত শর্মারা এবং ১২ বার জিতেছেন মহেন্দ্র সিং ধোনির দল। প্লে-অফেও মুম্বইয়ের জয়ের শতাংশ দেখলে যেকোনো দলের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন নীল জার্সির দলকে তাই এগিয়ে রাখছে কিছু মহল।
অন্যদিকে, মুম্বইয়ের সামনে বিবর্ণ দেখালেও, মিস্টার আইপিএল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই কিন্তু সব হিসেব ওলোট-পালোট করার ক্ষমতা রাখে। কারণ তারা জানে পরিসংখ্যান নয়, ম্যাচ জিততে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং মাঠে নেমে তা সঠিক ভাবে কার্যকর করা। তিন বার আইপিএল জেতা চেন্নাইয়ের থিঙ্ক ট্যাঙ্ক ও টিম ম্যানেজমেন্ট তাই মুম্বইয়ের বিরুদ্ধে গত তিন ম্যাচে খেলোয়াড়দের করা ভূল-ত্রুটি খুঁজে বের করে, ফাইনালে সেগুলি শুধরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। কড়া অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে দফায় দফায় বৈঠকও সারছেন ক্যাপ্টেন কুল।
গুরুত্বপূর্ণ ম্যাচে চোটগ্রস্ত কেদার যাদবকে না পাওয়াটাও চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কেদারের পরিবর্তে ফাইনালে মুরলী বিজয়কে খেলাতে পারে ইয়ালো ব্রিগেড। অন্যদিকে, চতুর্থবার আইপিএলের ট্রফি তুলতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রাও এই ম্যাচে কোনো ভুল করতে রাজি নন।
দুই দলের সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুরলী বিজয়, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহার, হরভজন সিং, ইমরান তাহির।
মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ইশান কিষাণ, মিচেল ম্যাকলেনাঘান, রাহুল ছাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা।












Click it and Unblock the Notifications