ওয়াংখেড়েয় তাণ্ডব পোলার্ডের, পাঞ্জাবের বিরুদ্ধে হারা ম্যাচ জিতল মুম্বই
মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের একেবারে শেষ বলে রান তাড়া করে ৩ উইকেটে বড় জয় পেল।
প্রথম অর্ধে তাণ্ডব দেখিয়েছিলেন ক্রিস গেইল। পরের অর্ধে মহা তাণ্ডব দেখালেন আর এক ওয়েস্ট ইন্ডিয়ান। কিংস ইলেভেন পাঞ্জাবের করা ১৯৭ রান তাড়া করতে নেমে হারা ম্যাচ জিতিয়ে দিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের একেবারে শেষ বলে রান তাড়া করে ৩ উইকেটে বড় জয় পেল।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব দুই ওপেনার রাহুল ও গেইলের সৌজন্যে ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৯৭ রান তোলে। এদিন শুরুতে মুম্বই বোলিংকে আক্রমণ শুরু করেন গেইল। মাত্র ৩৬ বলে ৬৩ রান করে ফিরে যাওয়ার পরে বাকী কাজটা সারেন রাহুল মাত্র ৬৩ বলে শতরান করেন। শেষ অবধি ৬৪ বলে ১০০ রানে আউট হলেও আইপিএলের প্রথম শতরানের স্বাদ পান রাহুল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি মুম্বই। প্রথমবার খেলতে নামা সিদ্ধার্থ লাড চালিয়ে খেলছিলেন। তবে মহম্মদ শামির বলে ১৫ রানে ফেরেন। আর এক ওপেনার কুইন্টন ডি কক ২৪ ও তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ২১ রানে ফেরেন।
এরপর মুম্বই ব্যাটিংকে একা টেনে নিয়ে যান পোলার্ড। শুধু রান করাই নয়, বিস্ফোরক ব্যাটিং করেন। শেষ অবধি ৩১ বলে ৮৩ রান করে তিনি যখন ফিরছেন তখন মুম্বইয়ের চার বলে চার রান বাকী। শেষ অবধি শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই। এদিন অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে খেলতে পারেননি। তাঁর জায়গায় পোলার্ড অধিনায়কত্ব করে একার কাঁধে মুম্বইকে ম্যাচ জিতিয়ে ফেরেন।












Click it and Unblock the Notifications