ঘরের মাঠে ফের অসাধারণ বোলিংয়ে পঞ্জাবকে হারিয়ে দিল হায়দরাবাদ
এদিন ঘরের মাঠে ফের একবার ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও অনবদ্য বোলিং পারফরম্যান্স দিয়ে ম্যাচ বের করে নিল হায়দরাবাদ।
মুম্বইয়ের মাঠে গিয়ে রোহিত শর্মার দলকে ৮৭ রানে মুড়িয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বোর্ডে মাত্র ১১৮ রান তুলেও ৩১ রানে ম্যাচ পকেটে পুরে নেয় কেন উইলিয়ামসনের দল। আর এদিন ঘরের মাঠে ফের একবার ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও অনবদ্য বোলিং পারফরম্যান্স দিয়ে ম্যাচ বের করে নিল হায়দরাবাদ। মাত্র ১৩২ রান করেও পঞ্জাবকে ১১৯ রানে অলআউট করে ম্যাচ জিতে নিলেন কেন উইলিয়ামসনরা। হায়দরাবাদ ম্যাচ জিতে নিল ১৩ রানে।

মাত্র ১৩২ রানের পুঁজি নিয়ে খেলতে নামা হায়দরাবাদ যে জিতে যাবে তা কেউ আন্দাজ করতে পারেনি। তবে বিশ্বাস রেখেছিলেন বোলাররা। তাই প্রথম পাওয়ার প্লে-র ৬ ওভারে ৪৪ রান ওঠা সত্ত্বেও হাল ছাড়েননি সন্দীপ শর্মা সিদ্ধার্থ কউলরা। শেষ অবধি আত্মবিশ্বাস ও অনবদ্য বোলিংয়ে ভর করে ১৩ রানে ঘরের মাঠে জয় এল।
হায়দরাবাদের হয়ে ফের একবার বল হাতে জ্বলে উঠলেন রশিদ খান। আগের ম্যাচে ক্রিস গেইলের তাণ্ডবে ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন। আর এদিন ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ বের করে নিলেন।
রশিদ ছাড়া এদিন দারুণ বল করেন পঞ্জাবের প্রাক্তন খেলোয়াড় সন্দীপ শর্মা। তিনি ১৭ রানে ২ উইকেট নেন। এছাড়া বেসিল থাম্পি ১৪ রানে ২ উইকেট ও শাকিব আল হাসান ১৮ রানে ২ উইকেট নেন।
পঞ্জাবের হয়ে দুই ওপেনার লোকেশ রাহুল (৩২ রান) ও ক্রিস গেইল (২৩ রান) ছাড়া আর কেউ রান পাননি। মোট ৭ জন ব্যাট হাতে দশ রানের কম করেন। ফলে গ্রুপ শীর্ষে থেকে পঞ্জাব সরে নেমে এল তিন নম্বরে। এক নম্বরে উঠে গেল চেন্নাই। এবং দুইয়ে উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications