হায়দরাবাদে কমলা ঝড়! ব্যাঙ্গালোরকে প্লে-অফ থেকে বের করে দিলেন উইলিয়ামসনরা
৫ রানে শেষ অবধি ম্যাচ হেরে প্লে-অফ থেকে প্রথম দল হিসাবে বিদায় নিল টিম কোহলি।
সানরাইজার্স হায়দরাবাদকে অতি কষ্টে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচের প্রথম অর্ধের পর এমনটাই ভাবা হয়েছিল। বিশেষ করে হায়দরাবাদের মতো দলকে ১৪৬ রানে বিরাট কোহলির দল অল আউট করে দেওয়ার পর তো বটেই। তবে শক্তিশালী আরসিবি ব্যাটিং এই রানটুকুও করতে পারল না। ৫ রানে শেষ অবধি ম্যাচ হেরে প্লে-অফ থেকে প্রথম দল হিসাবে বিদায় নিল টিম কোহলি।

এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক বল করেন আরসিবি বোলাররা। শুরু থেকেই কোনও হায়দরাবাদি ব্যাটসম্যান ছন্দ খুঁজে পাননি। অ্যালেক্স হেলস (৫), শিখর ধাওয়ান (১৩), মনীশ পাণ্ডেরা (৫) রান পাননি। হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন ও শাকিব আল হাসান প্রতিরোধ গড়েন।
উইলিয়ামসন ৫৬ ও শাকিব ৩৫ রান করেন। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। টিম সাউদি ও মহম্মদ সিরাজ ৩টি করে উইকেট নেন। এছাড়া উমেশ যাদব ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নিয়েছেন। সাউদি ৩০ রানে ৩ উইকেট ও সিরাজ ২৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ একইভাবে চেপে ধরল আরসিবিকে। মনন ভোহরা (৮) সবার আগে আউট হন। তারপরে একে একে পার্থিব প্যাটেল (২০), এবি ডিভিলিয়ার্স (৫), মইন আলি (১০) কেউই রান করতে না পেরে উইকেট দিয়ে আসেন।
প্রথমদিকে একমাত্র বিরাট কোহলি (৩৯) ও শেষদিকে মনদীপ সিং ২১ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৩৩ রান করেন। তবে এই দুটি দলকে জয় এনে দিতে পারেননি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রানের। তবে ভুবনেশ্বর কুমার দেন মাত্র ৬ রান। এবং দলকে ৫ রানে অবিশ্বাস্য জয় এনে দেন।












Click it and Unblock the Notifications