ফের মুম্বইয়ের শক্ত গাঁটে আটকাল কেকেআর! জেতা ম্যাচ হেরে প্লে-অফ কঠিন করে ফেললেন কার্তিকরা
ফের একবার মুম্বই ইন্ডিয়ান্স নামক শক্ত গাঁটে আটকে প্লে-অফের রাস্তা কঠিন করে ফেলল কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচের শুরু থেকেই সবকিছু ঠিক যাচ্ছিল। তবে একেবারে শেষ অর্ধের ছয় ওভারে এসে সবকিছু তালগোল পাকিয়ে গেল। এবং ফলস্বরূপ ফের একবার মুম্বই ইন্ডিয়ান্স নামক শক্ত গাঁটে আটকে প্লে-অফের রাস্তা কঠিন করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের করা ১৮১ রান তাড়া করতে নেমে কেকেআর থামল ৬ উইকেটে ১৬৮ রানে। ম্যাচ হারতে হল ১৩ রানে। রান তাড়া করতে নেমে প্রথম ১২ ওভারে ১১১ রান তুলে ফেলেছিল কলকাতা। অথচ শেষ ৭ ওভারে ৭১ রান তুলতে ব্যর্থ হলেন কেকেআর ব্যাটসম্যানরা।

এদিন কেকেআর এর হয়ে ওপেন করতে নামেন ক্রিস লিন ও শুভমান গিল। লিন ১৭ ও গিল ৭ রানে তাড়াতাড়ি ফিরে যান। সেখান থেকে দলকে টেনে তোলে রবীন উথাপ্পা ও নীতীশ রানা জুটি। উথাপ্পা মাত্র ৩২ বলে অর্ধশতরান করেন। শেষ অবধি ৩৫ বলে ৫৪ রান করে ফেরেন। এদিকে রানা চোট সারিয়ে ফিরে এসে ২৭ বলে ৩১ রান করে যান।
একটা সময়ে ১২ ওভারে ১১১ ছিল কেকেআর এর ২ উইকেটের বিনিময়ে। সেখান থেকে উথাপ্পা আউট হওয়ার পরে জেতা ম্যাচ হেরে বসল কেকেআর। শেষদিকে কার্তিক ২৬ বলে ৩৬, রাসেল ১০ বলে ৯ ও নারিন ৪ বলে ৫ রান করেন। জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার অনবদ্য বোলিংয়ের সুবাদে মুম্বই ম্যাচ পকেটে পুরে নেয়। পান্ডিয়া ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। এছাড়া বুমরাহ, ক্রুণাল, ম্যাকক্লেনেঘন ও মারকাণ্ডে ১টি করে উইকেট নিয়েছেন।
এদিন টসে জিতে দীনেশ কার্তিক মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান। মুম্বইয়ের হয়ে দারুণ শুরু করেন সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস। দশ ওভারের মধ্যে বিনা উইকেটে ৯০ রান তুলে ফেলে মুম্বই। একসময়ে যখন মনে হচ্ছিল ফের এদিন কেকেআর বোলাররা বিপক্ষকে দুশোর বেশি রান তুলতে দেবে, তখনই সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের হাত ধরে খেলায় ফেরে কেকেআর।
রাসেল ৪৩ রানে ফেরান লিউয়িসকে। তারপরে নারিনের স্পিনে ফের একবার উইকেট দিয়ে ১১ রানে ফিরে যান রোহিত শর্মা। তবে একদিক ধরে রেখে আক্রমণ করে যাচ্ছিলেন সূর্য়কুমার। প্রাক্তন এই কেকেআর তারকা ৩৯ বলে ৫৯ রান করে ফেরেন রাসেলের বলে। শেষদিকে হার্দিক পান্ডিয়া ২০ বলে ৩৫ রান করলেও উল্টোদিকে ক্রুণাল পান্ডিয়া ১১ বলে ১৪ রান ও জেপি ডুমিনি ১১ বলে ১৩ রান করেন। ফলে স্লগ ওভারে মুম্বই ব্যাটিংকে আটকে দেয় কলকাতা। সবমিলিয়ে ৪ উইকেটে ১৮১ রান তোলে মুম্বই। কেকেআর-এর হয়ে নারিন ৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট ও আন্দ্রে রাসেল ২ ওভারে ১২ রানে ২ উইকেট নেন। যদিও জেতা ম্যাচ মাঠে ফেলে এসে প্লে-অফ কঠিন করে ফেলল কলকাতা।
এদিন হেরে কলকাতা ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ টেবলের তিন নম্বরেই থাকল। মুম্বই ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে থাকল।












Click it and Unblock the Notifications