ইডেনে নারিন ঝড়! প্রথম ম্যাচেই আরসিবিকে হারিয়ে বড় জয় দিয়ে শুরু কেকেআর-এর
সুনীল নারিনের ব্যাটিং ধামাকা ও সঙ্গে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আইপিএলের একাদশ মরশুমের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল কেরেআর।
সুনীল নারিনের ব্যাটিং ধামাকা ও সঙ্গে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আইপিএলের একাদশ মরশুমের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল কেরেআর। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিল শক্তিশালী প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। নারিন মাত্র ১৭ বলে ৫০ রান করে যান।

নতুন দল, নতুন অধিনায়ক। তবে ইডেনের উন্মাদনা একইরকম। প্রথম ম্যাচেই ভরা ইডেনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দীনেশ কার্তিক। নতুন আরসিবি দল শুরুটা ভালো করেনি। শুরুতেই পীযূষ চাওলার বলে মাত্র ৪ রান করে ফিরে যান কুইন্টন ডি কক।
একেবারে প্রথম থেকেই কেকেআর অধিনায়ক কার্তিক স্পিন বিভাগের তিন বোলারকে নামিয়ে দেন আক্রমণে। পীযূষ চাওলা, কুলদীপ যাদব ও সুনীল নারিন রান তোলার গতি আটকে রাখেন।
ওপেনিংয়ে ব্রেন্ডন ম্যাককালাম ২৭ বলে ঝোড়ো ৪৩ করে যান। তবে বিরাট কোহলি এদিন নিষ্প্রভ ছিলেন। ৩৩ বলে ৩১ রান করেন তিনি। মাঝে এবি ডিভিলিয়ার্স চেনা ছন্দে ২৩ বলে ৪৪ করে যান। তবে আচমকা বল হাতে নেমে নীতীশ রানা তুলে নেন এবিকে।
যখন মনে হচ্ছিল আরসিবি-কে মন রানে আটকে রাখতে পারবে কেকেআর, সেইসময়ে শেষের দিকের ওভারে নেমে ১৮ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ব্যাঙ্গালোরকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন মনদীপ সিং। সবমিলিয়ে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই শুরু হয়ে যায় নারিন ধামাকা। গতবছরের ব্যাটিং তাণ্ডব যে ফ্লুক ছিল না তা এবার প্রথম ম্যাচে নেমেই প্রমাণ করে গেলেন নারিন। মাত্র ১৭ বলে ৫০ করেন তিনি। শেষপর্যন্ত ১৯ বল খেলে নারিন ফিরতেই কিছুটা খোলসে ঢুকে যায় কেকেআর। তবে প্রথম দিকে রান রেট এতটাই বাড়িয়ে রেখেছিলেন নারিন যে পরের দিকে ধীরে খেলে লক্ষ্যে পৌঁছে যায় দীনেশ কার্তিকের দল।
এদিন ক্রিস লিন (৮ বলে ৫) ও রবীন উথাপ্পা (১২ বলে ১৩ রান) ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। মিডল অর্ডারে নামা নীতীশ রানা ও দীনেশ কার্তিক দলকে টেনে নিয়ে যান।
রানা ২৫ বলে ৩৪ রান করে ফিরলেও অধিনায়ক কার্তিক আর এক দিক ধরে রেখেছিলেন। সঙ্গে ছিলেন আর এক বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্টার আন্দ্রে রাসেল। শেষদিকে শুরুটা ভালো করেও রাসেল ১১ বলে ১৫ রান করে ফিরে যান। তবে কার্তিক নিজের খেলা থেকে সরেননি। অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন।












Click it and Unblock the Notifications