একা ব্যাট হাতে চেন্নাইকে ফাইনালে তুললেন ডু প্লেসি
চেন্নাইকে সপ্তমবার আইপিএলে ফাইনালে তুলে দিলেন ফ্যাফ ডু প্লেসি।
সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী বোলিং লাইন আপ প্রায় শুইয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপকে। তবে সমস্ত কিছুকে প্রতিরোধ করে চেন্নাইকে সপ্তমবার আইপিএলে ফাইনালে তুলে দিলেন ফ্যাফ ডু প্লেসি। ১৪০ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৫ বল বাকী থাকতে জয় তুলে নিল মহেন্দ্র সিং ধোনির দল। ডু প্লেসি মাত্র ৪২ বলে ৬৭ রানে অপরাজিত রইলেন। ম্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে হায়দরাবাদকে।

হায়দরাবাদ ব্যাট হাতে শুরুটা ভালো না করলেও বল হাতে দারুণ শুরু করে। প্রথম ওভারের পঞ্চম বলে শ্যেন ওয়াটসনকে ফেরান ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় উইকেটে রায়না ১৩ বলে ২২ রান করে ফেরেন। চতুর্থ ওভারে সিদ্ধার্থ কউলের বলে পরপর ফেরেন রায়না ও অম্বাতি রায়াডু। এরপরে ম্যাচে জাঁকিয়ে বসে হায়দরাবাদ।
পরপর ফিরে যান মহেন্দ্র সিং ধোনি (৭), ডোয়েন ব্র্যাভো (৭), রবীন্দ্র জাদেজা (৩), দীপক চাহার (১০), হরভজন সিংরা (২)। শেষ তিন ওভারে বাকী ছিল ৪৩ রান। তবে ৫ বল বাকী থাকতে চেন্নাইকে জয় এনে দেন ডু প্লেসি। শেষদিকে শার্দুল ঠাকুর ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।
হায়দরাবাদের হয়ে রশিদ খান ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ৩.১ ওভারে ১৪ রানে ১ উইকেট নেন। দারুণ লড়াই করলেও ডু প্লেসির হার না মানা ব্যাটিংয়ের কাছে শেষ অবধি হার স্বীকার করতে হল হায়দরাবাদকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ইডেন গার্ডেন্সে কেকেআর ও রাজস্থানের মধ্যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications