চেন্নাইয়ের বিশাল টার্গেট তাড়া করে লড়ে হার দিল্লির, প্লে অফ থেকে কার্যত বিদায় ডেভিলসদের
লিগের লাস্ট বয় দিল্লিকে রানের পাহাড়ের তলায় চাপা দিয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
লিগের লাস্ট বয় দিল্লিকে রানের পাহাড়ের তলায় চাপা দিয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এদিন ব্যাট হাতে লড়েও ম্যাচ হেরে কার্যত প্লে অফ থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে দিল্লি। চেন্নাইয়ের করা ২১১ রানের জবাবে দিল্লি থামল ৫ উইকেটে ১৯৮ রানে। হারল ১৩ রানে।

দিল্লির হয়ে ঋষভ পন্থ ৪৫ বলে ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে যান। শেষদিকে বিজয় শঙ্কর ৩০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। তবে বাকীদের সহযোগিতা না পাওয়ায় শেষ অবধি ম্যাচ হারতে হল দিল্লিকে।
কলকাতা ম্যাচের মতো দিল্লির হয়ে এদিন ভালো শুরু করতে পারেননি পৃথ্বী শ। ৯ রানে ফেরেন তিনি। কলিন মুনরো ভালো শুরু করেও ১৬ বলে ২৬ রানে ফিরে যান। আগের ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার ১৪ বলে ১৩ রান করেন। গ্লেন ম্যাক্সওেল ফের ব্যর্থ হন। করেন ৬ রান।
চার নম্বরে নামা ঋষভ পন্থ ৭৯ রান করে দলকে টানেন। শেষদিকে শঙ্কর অপরাজিত ৫৩ করেন। শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৮৪ রান। শেষ অবধি দিল্লি থামে ১৩ রান দূরে। চেন্নাইয়ের হয়ে লুঙ্গি এনগিডি ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। এছাড়া জাদেজা ১টি ও নবাগত আসিফ ২টি উইকেট নেন।
চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় এদিন শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন শ্যেন ওয়াটসন। তিনি নামেন ফ্যাফ ডু প্লেসিকে সঙ্গে নিয়ে। প্রথম তিন ওভারে উঠেছিল ১৬ রান। চতুর্থ ওভার থেকে শুরু হয় মারমুখী ব্যাটিং। ডু প্লেসি একদিক ধরে রেখে ৩৩ বলে ৩৩ রান করে যান। এদিকে ওয়াটসন মাত্র ৪০ বলে ৭৮ রান করেন।
একসময়ে মনে হচ্ছিল আজ ওয়াটসনের ফের শতরান করা সময়ের অপেক্ষা। তবে ১৩.৫ ওভারের মাথায় অভিজ্ঞ অমিত মিশ্রর বলে ফেরেন তিনি। তিন নম্বরে নামা সুরেশ রায়না (১) আজ রান পাননি। চার নম্বরে নামা অম্বাতি রায়াডু ও পাঁচ নম্বরে নামা মহেন্দ্র সিং ধোনি ফের মারমুখী ব্যাটিং করে চেন্নাইয়ের রান দুশো পার করেন। ধোনি মাত্র ২২ বলে অপরাজিত ৫১ রান ও রায়াডু ২৪ বলে ৪১ রান করেন। সবমিলিয়ে চেন্নাই ২০ ওভার শেষে ২১১ রান তোলে। দিল্লি এই রানটাই তুলতে না পেরে ম্যাচ হারল।
এদিনের জয়ের ফলে চেন্নাই ৮ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট পেল। একইসঙ্গে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে চলে গেল গ্রুপ শীর্ষে। দিল্লি ৮ ম্যাচে ৬টি হেরে লিগ টেবলের শেষেই রইল।












Click it and Unblock the Notifications