IPL 2017 : ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স, হায়দ্রাবাদকে ৪ উইকেটে হারাল মুম্বই
ঘরের মাঠে হায়দ্রাবাদকে ৪ উইকেটে হারিয়ে পরপর দুই ম্যাচে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই, ১২ এপ্রিল : কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর মুম্বই দল যেন ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এদিন তারই প্রতিফলন দেখা গেল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। ঘরের মাঠে হায়দ্রাবাদকে ৪ উইকেটে হারিয়ে পরপর দুই ম্যাচে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন টসে জিতে ঘরের মাঠে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শিখর ধাওয়ানকে নিয়ে দারুণ শুর করেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মাত্র ৩৪ বলে ৪৯ রানের ইনিংস খেলে তিনি আউট হলে ধাওয়ান ইনিংস এগিয়ে নিয়ে যান।

তবে ধাওয়ান ৪৮ রান করে আউট হলে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় রান তুলতে ব্যর্থ হয় হায়দ্রাবাদ। দীপক হুডা (৯), যুবরাজ সিং (৫), বেন কাটিং (২০), নমন ওঝা (৯) কেউই রান পাননি। ফলে সবমিলিয়ে ২০ ওভারে মাত্র ১৫৮ রান তোলে হায়দ্রাবাদ। মুম্বইয়ের হয়ে শেষদিকে জসপ্রীত বুমরাহ অনবদ্য বল করে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মালিঙ্গা, হরভজন, হার্দিক পাণ্ড্য একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে মুম্বই। জোস বাটলার ১৪ রানে ফিরে গেলেও পার্থিব প্যাটেল ২৪ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। আফগান বোলার রশিদ খানের অসাধারণ গুগলিতে রোহিত শর্মা মাত্র ৪ রান করে আউট হলেও তরুণ নীতীশ রানা ফের একবার ব্যাট হাতে জ্বলে ওঠেন।
রানার ৩৬ বলে ৪৫ রান ও ক্রুনাল পাণ্ড্যর ২০ বলে ৩৭ রানের সৌজন্যে মুম্বই ৪ উইকেট বাকী থাকতে জয়লাভ করে। হায়দ্রাবাদের হয়ে রশিদ খান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। তবে এদিন মুস্তাফিজুর রহমান ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications