IPL 2017 : জঘন্য ফিল্ডিং কেকেআর-এর, ৪ উইকেটে ম্যাচ জিতল মুম্বই
জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিয়ে ওয়াংখেড়ের মাঠে হাড্ডাহাড্ডি ম্যাচ হেরে বসল কলকাতা নাইট রাইডার্স। ১৭৮ রান তাড়া করতে নেমে মুম্বই ১ বল বাকী থাকতে ৪ উইকেটে ম্যাচ পকেটে পুরল।
মুম্বই, ৯ এপ্রিল : জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিয়ে ওয়াংখেড়ের মাঠে হাড্ডাহাড্ডি ম্যাচ হেরে বসল কলকাতা নাইট রাইডার্স। ১৭৮ রান তাড়া করতে নেমে মুম্বই ১ বল বাকী থাকতে ৪ উইকেটে ম্যাচ পকেটে পুরল। শেষ ওভারে মিসফিল্ড করে একটি চার ও একটি ক্যাচ ফসকানোর খেসারত দিল কেকেআর।
এদিন ওয়াংখেড়ের মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে অবশ্য ভালোই শুরু করে গৌতম গম্ভীর ও ক্রিস লিন জুটি। তবে জুটি অর্ধশতরান হওয়ার আগেই ১৩ বলে ১৯ রান করে আউট হন গম্ভীর।

তিন নম্বরে নামা রবীন উথাপ্পা এদিনও রান পাননি। তিনি মাত্র ৪ রানে আউট হয়ে ফেরেন। এদিকে গুজরাত ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা ক্রিস লিন ২৪ বলে ৩২ রান করে আউট হন। মাঝে ইউসুফ পাঠান ১১ বলে ৬ রান করে আউট হন। এরপরে সূর্যকুমার যাদবের (১৭ রান) সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন মনীশ পাণ্ডে।
একদিকে যখন মিডল অর্ডারে কেকেআরের একেরপর এক উইকেট পড়ছিল, তখন আর একদিকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন মনীশ। সূর্যকুমার আউট হওয়ার পরে ক্রিস ওকস (৯ রান) নামলেও বিশেষ সুবিধা করতে পারেননি। একসময়ে যখন মনে হচ্ছিল কলকাতা হয়ত খুব বেশি হলে ১৬০ পর্যন্ত যাবে, তখনই শেষ ওভারে জ্বলে ওঠেন মনীশ।
কেকেআর ইনিংসের শেষ ওভারে মিচেল ম্যাকক্লেনেঘনকে মেরে ২৩ রান নেন মনীশ। তাঁর ৪৭ বলে ৮১ রানের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান কেকেআর।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বইও দারুণ শুরু করে। পার্থিব প্যাটেল ৩০, জোস বাটলার ২৮ রান করে ইনিংস এগিয়ে নিয়ে যান। তিন নম্বরে নামা নীতীশ রানা ২৯ বলে ৫০ রানে অনবদ্য ইনিংস খেলেন।
মাঝের ওভারে নামা রোহিত শর্মা দুর্ভাগ্যবশত ব্যাটে বল লাগা সত্ত্বেও এলবিডব্লিউ আউট হন আম্পায়ারের সিদ্ধান্তে। এরপরে নামা ক্রুনাল পাণ্ড্য (১১ রান) ও কায়রন পোলার্ড (১৭ রান) শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি।
শেষদিকে যখন মনে হচ্ছিল মুম্বই অনেকটা দূরে শেষ করবে, তখনই রানা ও হার্দিক পাণ্ড্য অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলেন। রানা ১৯ নম্বর ওভারে অর্ধশতরান করে আউট হলেও লড়াই চালিয়ে যান হার্দিক পাণ্ড্য। শেষপর্যন্ত মাত্র ১১ বলে ২৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।












Click it and Unblock the Notifications