IPL 2017 : বদ্রির হ্যাটট্রিক সত্ত্বেও, ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার ব্যাঙ্গালোরের
আইপিএলে এই মরশুমে প্রথমবার খেলতে নামলেন বিরাট কোহলি। তবে ঘরের মাঠে অধিনায়ক নামলেও হারের গেরো থেকে বেরোতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বেঙ্গালুরু, ১৪ এপ্রিল : আইপিএলে এই মরশুমে প্রথমবার খেলতে নামলেন বিরাট কোহলি। তবে ঘরের মাঠে অধিনায়ক নামলেও হারের গেরো থেকে বেরোতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফর্মে থাকা শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স ৪ উইকেটে হারিয়ে দিল আরসিবিকে।
এদিন টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। চিন্নাস্বামীর উইকেট যেরকম ব্যাটিং সহায়ক দেখতে অভ্যস্ত সকলে সেরকম এদিন ছিল না। আউটফিল্ডও স্লো ছিল। পিচে বল পড়ে থমকে আসছিল।

এই অবস্থায় ব্যাট করতে নেমে বিরাট যেন চোট কাটিয়ে উঠেও পুরনো ছন্দের ঝলক দেখালেন। ক্রিস গেইল সঙ্গে নিয়ে নেমে দারুণ শুরু করে আরসিবি। থমকে আসা পিচে ব্যাটিং করা সহজ ছিল না। গেইল যেখানে ২৭ বলে মাত্র ২২ রান করে ফেরেন, সেখানে বিরাট কোহলি যেন অন্য পিচে ব্যাট করছিলেন।
এদিন একমাস পরে মাঠে নেমেও মাত্র ৪৭ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলে যান বিরাট কোহলি। এদিন স্পিনিং উইকেটে ডিভিলিয়ার্সও ২১ বলে মাত্র ১৯ রান করেন। বাকী আর কেউই এই পিচে রান করতে পারেননি।
কেদার যাদব (৯), পবন নেগি (১৩), মনদীপ সিং (০), স্টুয়ার্ট বিনি (৬) কেউই রান পাননি। তাছাড়া বল হাতে মুম্বইয়ের হয়ে মিচেল ম্যাকক্লেনেঘন ২০/২, ক্রুনাল পাণ্ড্য ২১/১ ভালো বল করে আরসিবিকে আটকে রাখেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪২/৫ রানে শেষ করে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হল মুম্বই। ৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় মুম্বই। শুরুতেই ব্যাঙ্গালোরের হয়ে হ্যাটট্রিক করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি। প্রথমে স্টুয়ার্ট বিনি জোস বাটলারকে ২ রানে ফিরিয়ে দেওয়ার পর পার্থিব প্যাটেল (৩), মিচেল ম্যাকক্লনেঘন (০) ও রোহিত শর্মাকে (০) পরপর তিন বলে ফিরিয়ে হ্যাটট্রিক করেন স্যামুয়েল বদ্রি।
একসময়ে মাত্র ৩৩ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল মুম্বই। তবে সেখান থেকে অসাধারণ পার্টনরশিপ গড়েন ক্রুনাল পাণ্ড্য ও কায়রন পোলার্ড। শেষপর্যন্ত পোলার্ড ৪৭ বলে ৭০ রান করে চাহালের বলে আউট হলেও ক্রুনাল ৩০ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বইকে জিতিয়ে মাঠ ছাড়েন। ফলে সবমিলিয়ে ৭ বল বাকী থাকতেই ৪ উইকেটে ম্যাচ জেতে মুম্বই।












Click it and Unblock the Notifications