'চূড়ান্ত' সতর্কবার্তা দিয়ে সুনীল নারিনকে আইপিএলে খেলার ছাড়পত্র দিল বিসিসিআই
মুম্বই, ৭ মে : সুনীল নারিনকে নিয়ে আর একবার নাটক তৈরি হল আইপিএলে। গত ২৯ এপ্রিল নারিনের অফস্পিন অবৈধ বলে ঘোষণা করে আইপিএল কমিটি। তারপর থেকে আর খেলেননি এই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার।
এদিন চূড়ান্ত নাটকীয়ভাবে ভারতীয় বোর্ড নারিনকে শেষবার সতর্ক করে আইপিএলে খেলার ছাড়পত্র দিল। ফলে নাইট ম্যানেজমেন্ট চাইলে আজকের ম্য়াচ থেকেই খেলতে পারবেন দলের একনম্বর স্পিনার নারিন। একইসঙ্গে তাঁর অস্ত্রভাণ্ডারের বিশেষ অস্ত্র অফস্পিন, নাকল বল ও কুইকার ডেলিভারিও করতে কোনও বাধা থাকবে না তাঁর।

এদিন বিসিসিআইয়ের তরফে সচিব অনুরাগ ঠাকুর প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে যদিও 'চূড়ান্ত' সতর্কবার্তায় জানানো হয়েছে, ফের যদি আম্পায়াররা নারিনের কোনও ডেলিভারিতে অসন্তোষ প্রকাশ করেন তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে আইপিএল থেকে ব্যান করা হবে।
প্রসঙ্গত, নারিনের অফস্পিন অ্যাকশন আইপিলের আইনের ২৪.২ নম্বর ধারার বিরুদ্ধে যাচ্ছে। ফলে তিনি আইপিএল বা ভারতীয় বোর্ড পরিচালিত কোনও টুর্নামেন্টে অফস্পিন ডেলিভারি করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিল বোর্ড।
এর আগে গত ৫ এপ্রিল দীর্ঘ টালবাহনার পর নাইট সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে নারিনকে আইপিএলের অষ্টম সংস্করণে খেলার ছাড়পত্র দেয় বিসিসিআই।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ সময় নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে ধরা পড়ে৷ তারপর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলেও ছিলেন না তিনি। এরপর মার্চ মাসে আইসিসি নারিনকে খেলার ছাড়পত্র দেয়।












Click it and Unblock the Notifications