IPL 10 : প্লে অফের অঙ্ক জমিয়ে দিয়ে কলকাতাকে ১৪ রানে হারাল পাঞ্জাব
প্লে অফের খেলা জমিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে মোহালিতে কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা।
প্লে অফের খেলা জমিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে মোহালিতে কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৭ রান তোলে পাঞ্জাব। রান তাড়া করতে নেমে ১৫৩ রানে শেষ করে কেকেআর। ফলে ১৪ রানে ম্যাচ হারল গম্ভীরের দল। ওপেনিংয়ে সুনীল নারিন ও ক্রিস লিন জুটি বিস্ফোরক শুরু করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফের একবার সহজ ম্যাচ হারতে হল কলকাতাকে।

মোহালির ব্যাটিং উইকেটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব মোটামুটি ভদ্রস্থ শুরু করে। তবে পঞ্চম ওভারের শেষ বলে দলগত ৩৯ রানের মাথায় মনন ভোহরা ১৬ বলে ২৫ রান করে আউট হন।
ওপেনিংয়ে নামা বিদেশি মার্টিন গাপটিল এদিনও ব্যর্থ হন। মাত্র ১২ করে ফেরেন তিনি। তিন নম্বরে নামা শন মার্শ মাত্র ১১ রান করেন। ৫৬ রানের মাথায় পাঞ্জাব যখন তিন উইকেট খুইয়ে ধুঁকছে, সেখান থেকে খেলা ধরে নেন ঋদ্ধিমান সাহা ও অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।
প্রথমে কিছুক্ষণ ক্রিজে কাটিয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন ম্যাক্সওয়েল। তবে কুলদীপ যাদবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ২৫ বলে ৪৪ রান করে ফেরেন। এদিকে ঋদ্ধিমান সাহাও ৩৩ বলে ৩৮ রান করে ফিরলে স্লগ ওভারে রান তোলার গতি থমকে যায়। শেষদিকে রাহুল তেওয়াটিয়া ৮ বলে ১৫ রান করে পাঞ্জাব ৬ উইকেটে ১৬৭ রানে গিয়ে থামে।
কলকাতা রান তাড়া করতে নামলে যথারীতি বিস্ফোরক শুরু করে কেকেআর। সুনীল নারিন ও ক্রিস লিন জুটি এই ম্যাচেও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে যখন মনে হচ্ছে, তখন ১০ বলে ১৮ রান করে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন সুনীল নারিন।
তবে আক্রমণ থেকে সরে আসেননি ক্রিস লিন। গত ম্যাচে যেখানে থেমেছিলেন, এদিন যেন সেখান থেকেই শুরু করেন তিনি। তিন নম্বরে নামা গৌতম গম্ভীর তাঁকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। গম্ভীর ফিরে যান মাত্র ৮ রান করে। তারপরের বলেই শূন্য রানে ক্যাচ আউট হয়ে ফেরেন রবীন উথাপ্পা।
একসময়ে প্রথম ছয় ওভারে ৬০ রান করেছিল কলকাতা। সেখান থেকে মাঝের ওভারে ব্যাটিং ব্যর্থতার জেরে ম্যাচ বেরিয়ে যায় কলকাতার হাত থেকে। ক্রিস লিন ৫২ বলে ৮৪ রানের ইনিংস খেললেও কলকাতার হয়ে আর কেউ তাঁকে সঙ্গে দিতে পারেননি। মনীশ পাণ্ডে (১৮), কলিন ডিগ্র্যান্ডহোম (১১), ইউসুফ পাঠান (২) কেউ রান পাননি। ফলে ১৪ রানে ম্যাচ হারতে হল কলকাতাকে।
এই ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানেই রইল। এদিকে পাঞ্জাব ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল।












Click it and Unblock the Notifications