এক দশক ধরে আইপিএল নিলাম জমিয়ে দিয়েছিলেন, রিচার্ড ম্যাডলির সাক্ষাৎকার
এক দশক ধরে আইপিএল নিলাম জমিয়ে দিয়েছিলেন, রিচার্ড ম্যাডলির সাক্ষাৎকার
ভারতীয় ক্রিকেট তাঁকে চেনে 'হ্যামারম্যান' হিসেবে। চোখের চশমা আলগা হয়ে নাকে চলে এসেছে। সেই অবস্থাতেই মুখে একের পর এক ক্রিকেটারদের নাম হেঁকে চলেছেন, সঙ্গী একটা ছোট্ট কাঠের হাতুড়ি।
এক দশক ধরে আইপিএল নিলাম এই ছবিটা দেখে এসেছে। নিলাম জমিয়ে দিয়েছিলেন হ্যামারম্যান রিচার্ড ম্যাডলি। অভিনবত্ব, নাটকীয়তায় আইপিএল নিলামে অন্যতম আকর্ষণের মুখ হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক এই নিলামদার।
তাঁর হাতুড়ির ঘায়ে সিলমোহর পড়লে নামী ক্রিকেটারদের বেচা-কেনা সম্পূর্ণ হত। টানা দশ বছর আইপিএল-এর নিলামের মধ্যমণি ছিলেন তিনি। খেলোয়াড় কেনাবেচা করা পৃথিবীর সবচেয়ে নামকরা নিলামকার সেই রিচার্ড ম্যাডলি এবার 'মাই খেল'-এর মুখোমুখি। হ্যামারম্যান রিচার্ড ম্যাডলির সাক্ষাৎকার থেকে জানা গেল নানা অজানা কথা।

প্রশ্ন: আইপিএল নিলামে অকশন হল মাতিয়ে দিতেন, ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিলামে আপনার নাটকীয়তার আজও প্রশংসা করেন। আইপিএলের সঙ্গে জুড়লেন কীভাবে?
উত্তর: ২০০৭ সালে ললিত মোদী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আইপিএল টুর্নামেন্টের স্বপ্ন দেখেছিলেন। এরপর ২০০৮ সাল থেকে টুর্নামেন্ট শুরু। মোদী ক্রিকেট নিয়ে দূরদর্শী ছিলেন, শহর কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজির সেই ধারণা দারুণ লাভজনক হয়েছিল। আইপিএলের হাত ধরে টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তা আজ আকাশ ছুঁয়েছে। এরপর শহর কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে ক্রিকেটারদের কেনাবেচার জন্য যখন নিলামের ভাবনা হল,তখন আমার ডাক পড়ে। আমার স্কুলের দীর্ঘদিন পুরনো ক্রিকেট বন্ধু অ্যান্ড্রুর মাধ্যমে আইপিএলের সঙ্গে যোগাযোগ হয়। বাকিটা দারুণ অভিজ্ঞতা।

প্রশ্ন: নিলামকার হিসেবে আপানার দারুণ সুনাম, কিন্তু ক্রিকেটারদের নিয়ে আইপিএলের প্রথম নিলামের আগে নার্ভাস ছিলেন?
উত্তর: দেখুন ক্রিকেটে ম্যাচের প্রথম ওভারে সচিন-সৌরভরাও কিন্তু নার্ভাস হতেন। আমিও ছিলাম। এটা খুবই সাধারণ। প্রতিটা মঞ্চে ওঠার আগে স্নায়ুর চাপ থাকবেই। নিলাম করার ক্ষেত্রেও তাই হয়ে থাকে। মুম্বইয়ে ওবেরয় হোটেলে সেই নিলামে স্নায়ু কেঁপে গিয়েছিল। কিন্তু আমি পুরোটাই পসিটিভ ভাবে দেখেছিলাম।

প্রশ্ন: ক্রিকেটারদের কঠিন কঠিন নামের উচ্চারণ নিয়ে কোনও দিন সমস্যায় পড়তে হয়নি?
উত্তর: আমি ওয়েলস নিবাসী। ইংলিশেই কথা বলি। সেক্ষেত্রে প্রথম মরসুমে ভারতীয় কিছু নামের উচ্চারণে একটু সমস্যা ছিল। এরপর পরবর্তী নিলামে ক্রিকেটারদের সংখ্যা বাড়তে থাকে। শ্রীলঙ্কান নামগুলো নিয়ে বেশ সমস্যা হত। তবে প্র্যাকটিস করতাম। অনেকেই আমায় নামের সঠিক উচ্চারণ শিখিয়ে দিয়েছিল। ফলে প্রতি ক্ষেত্রেই নিলামে তাঁদের সঠিক উচ্চারণেই ডাকা হয়েছে।

প্রশ্ন: টেবিলের ওপারে আপনার সামনে বলিউডের তারকা থাকতেন, প্রথম থেকে সবাইকে চিনতেন?
উত্তর: প্রথম মরসুমের নিলামে শাহরুখ খান যে বলিউডের কিং সেটা জানা ছিল না। ওর উপস্থিতি যেন নিলামের অন্য আকর্ষণ ছিল। শিল্পা শেট্টিকে চিনতাম তবে প্রীতি জিন্টাকে চিনতাম না। পরে প্রত্যেক মালিকের সঙ্গে আমার দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল।

প্রশ্ন: এক দশক ধরে আইপিএল নিলাম করেছেন? সেরা দল ও সেরা ক্রিকেটার হিসেবে কাকে বাছবেন?
উত্তর: আমি নিলামকার, আমার কাজটা অনেকটা আম্পায়ারের মতো, আমি ম্যাচ দেখতাম,খুশি থাকতাম। ম্যাচগুলি ফেয়ার ভাবে খেলা হচ্ছে কিনা, সেটা দেখাই আমার কাজ। ফলে ফেভারিট দল বা ক্রিকেটার বাছাই নিয়ে আমি নিরপেক্ষ থাকাই পছন্দ করব।

প্রশ্ন: আইপিএলকে মিস করেন? নিজের কাজ দিয়ে আইপিএল থেকে যে সুনাম ও জনপ্রিয়তা পেয়েছিলেন, মিস করেন?
উত্তর: আজও আমায় আইপিএলের হ্যামারম্যান হিসেবে মানুষ মনে রেখেছে এটাই আমার প্রাপ্তি। আমি যেভাবে ''সোল্ড'' বলতাম ওটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। অবশ্যই আইপিএলকে মিস করি। আমার টুইটারে ঢুঁ মেরে দেখবেন ওখানে আইপিএলের নিলামদার বলে লেখা রয়েছে।

প্রশ্ন: আইপিএলে দ্বিতীয় ইনিংস শুরু করতে ইচ্ছে করে না?
উত্তর: দশ বছর ধরে আইপিএল নিলাম করেছি। একটা রেকর্ডের অধিকারী। নতুন নিলামদারদের এখন সুযোগ পেতে দেখে ভালো লাগে। এবার নতুন নিলামদারদের হাতে ধরে প্রশিক্ষণ দিতে চাই।












Click it and Unblock the Notifications