India's Victory Parade: রোহিত-কোহলি ট্রফি দেখালেন ভক্তদের, জনজোয়ারে ভেসে ওয়াংখেড়ের দিকে বিশ্বজয়ীরা
India's Victory Parade: টি২০ বিশ্বকাপ জিতে আজই দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরে বিশ্বজয়ীদের মুম্বই পৌঁছতে কিছু দেরিই হয়েছে।
তাতে অবশ্য ভক্তদের উন্মাদনায় এতটুকু ভাঁটা পড়েনি। ভিকট্রি প্যারেড দেরিতে শুরু হয়। হুডখোলা বাসের উপর উঠেই ফ্যানেদের দিকে তাকিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি বিশ্বকাপের ট্রফি উঁচুতে তুলে ধরেন।

মুম্বইয়ে বিকেল ৫টা ২৮ মিনিটে অবতরণ করেছিল ভারতীয় দলের বিমান। বিমানবন্দরে কয়েক হাজার ক্রিকেটপ্রেমী অপেক্ষমান ছিলেন টি২০ বিশ্বকাপজয়ীদের বরণ করে নিতে। মেরিন ড্রাইভেও বিপুল জনসমাগম হয়েছিল দুপুর থেকেই।
রোহিত শর্মাই মুম্বই-নিবাসী প্রথম ক্রিকেটার যাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতল। রোহিত ভক্তদের আবেদন জানিয়েছিলেন কাপ জয়ের সেলিব্রেশনে সামিল হওয়ার জন্য। আর তাতেই সাড়া দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। মেরিন ড্রাইভ হোক, কিংবা ওয়াংখেড়ে তিলধারণের জায়গা নেই।
বিকেল পাঁচটা নাগাদ যে ভিকট্রি প্যারেড শুরুর কথা ছিল তা রাত ৮টার সামান্য আগে শুরু হয়। রোহিত শর্মা ও বিরাট কোহলি ট্রফি উঁচুতে তুলে ধরতেই জনগর্জনে ফেটে পড়ে মেরিন ড্রাইভ। ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দূরত্ব ২ কিলোমিটারের কাছাকাছি। সেই পথ অতিক্রম করতে প্রায় এক ঘণ্টা লেগে যায়।
কখনও হার্দিক পাণ্ডিয়াকে দেখা যায় রোহিত শর্মাকে জড়িয়ে ধরছেন, কখনও সূর্যকুমার যাদব, রাহুল দ্রাবিড়রা জড়িয়ে ধরেছেন ভারত অধিনায়ককে। কখনও রোহিত শর্মা ও সতীর্থরা হুডখোলা বাসের উপর থেকেই দুই হাত উপরে তুলে, তা ক্রমাগত নীচে নামিয়ে অভিবাদন জানান ক্রিকেটপ্রেমীদের।
বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লাদেরও দেখা গিয়েছে ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মতো চ্যাম্পিয়ন্স লেখা জার্সি পরে হুডখোলা বাসের উপর। জয় শাহ ট্রফি উঁচুতে তুলে ধরেন ক্রিকেটারদের পাশে নিয়ে।
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের ছবি দিয়ে সাজানো হয়েছে হুডখোলা বাসটিকে। যার নাম দেওয়া হয়েছে বিজয় রথ। তা যতই ওয়াংখেড়ের দিতে এগিয়ে চলেছে ততই বাসের দুই পাশে এবং পিছনে ক্রিকেটপ্রেমী জনতার ঢলও বাসের অভিমুখেই অগ্রসর হয়েছে। এই দৃশ্য যেন ছাপিয়ে গেল ২০০৭ সালের ভিকট্রি প্যারেডকেও। রোহিত মুম্বইকর, তাঁর জন্যই এভাবে জনতার ঢল নেমেছে বলে মনে করা হচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও গ্যালারিতে তিলধারণের জায়গা নেই। সেখানে ট্রফি বিসিসিআই কর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন রোহিত শর্মা। ট্রফি নিয়ে গোটা দল মাঠ প্রদক্ষিণ করবে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications