ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে গিলের ডেপুটি জাদেজা, কারা বাদ পড়লেন আর কাদের মিলল সুযোগ?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হলো আজ। এই প্রথম টেস্ট দলের সহ অধিনায়ক বেছে নেওয়া হলো রবীন্দ্র জাদেজাকে। এর আগে তিনি সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন ওডিআই ও টি২০ আন্তর্জাতিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নেতৃত্ব দেবেন শুভমান গিল। ঋষভ পন্থ ফিট না হওয়ায় গিলের ডেপুটির দায়িত্বে জাদেজা। দলে দুজন উইকেটকিপার- ধ্রুব জুরেল ও এন জগদীশান। জুরেলই প্রথম পছন্দের উইকেটকিপার।

এশিয়া কাপের ফাইনাল ২৮ সেপ্টেম্বর। আমেদাবাদে প্রথম টেস্ট শুরু অক্টোবরের ২ তারিখ। জসপ্রীত বুমরাহকে টেস্ট দলে রাখা হলেও তিনি প্রথম টেস্টে খেলবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা মেলেনি। নির্বাচক প্রধান অজিত আগরকর আশাবাদী বুমরাহের দুটি টেস্টে খেলার বিষয়ে। ইংল্যান্ড সফরে যে টেস্ট দল পাঠানো হয়েছিল তার থেকে বাদ পড়লেন অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, আকাশ দীপ, অংশুল কম্বোজ, অর্শদীপ সিং ও শার্দুল ঠাকুর। অভিমন্যু, আকাশ ও কম্বোজ ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলে জায়গা পেয়েছেন। নাগপুরে অক্টোবরে ১ তারিখ থেকে ইরানি কাপে বিদর্ভের বিরুদ্ধে নামবে অবশিষ্ট ভারত।
টেস্ট দলে কামব্যাক করলেন অক্ষর প্যাটেল, দেবদত্ত পাড়িক্কল ও জগদীশান। ঋষভ পন্থ চোট পাওয়ার পর জগদীশানকে ডেকে পাঠানো হয়েছিল ইংল্যান্ড সফরে। ইংল্যান্ডে ৮ ইনিংসে ২০৫ রান করা করুণ নায়ারের আসন্ন টেস্ট সিরিজে বাদ পড়ার প্রসঙ্গে নির্বাচক প্রধান অজিত আগরকার দুবাইয়ে বলেন, করুণের থেকে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। মনে করা হচ্ছে পাড়িক্কল তুলনামূলকভাবে এগিয়ে। আমরা সকলকেই ১৫-২০টি টেস্ট দিতে চাই। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটি এখন সম্ভব হলো না। পাড়িক্কল অস্ট্রেলিয়া সফরে দলে ছিলেন। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরানও রয়েছে। ফর্মেও আছেন। তবে আবার বলছি, করুণের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম।
করুণের বিকল্প হতে পারতেন সরফরাজ খান। তবে তিনিও ফিট নন, চোট সারিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ায় আছেন। ঘোষিত টেস্ট দলে আর তেমন চমক নেই। জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল রয়েছেন স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে। তাঁদের সঙ্গে আছেন কুলদীপ যাদব। ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। জোরে বোলারদের মধ্যে রয়েছেন বুমরাহ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
ভারতীয় টেস্ট দল- শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, এন জগদীশান (উইকেটকিপার)।












Click it and Unblock the Notifications