Indian Squad For SA Tour: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের তিন অধিনায়ক! রোহিতের টি ২০ কেরিয়ার কি শেষ?
Indian Squad For SA Tour: রাহুল দ্রাবিড়কে ভারতের হেড কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারলেও রোহিত শর্মার সম্মতি আদায় করতে পারল না বিসিসিআই।
যার ফলে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটে ভারত নামবে তিন অধিনায়কের নেতৃত্বে। দল ঘোষণার পর থেকে স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে চর্চার মধ্যেই শুরু হলো রোহিতের টি ২০ কেরিয়ার নিয়ে জল্পনা।

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে গত বছর হেরে যাওয়ার পর থেকে ভারতের হয়ে টি ২০ খেলতে দেখা যায়নি রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিদের। বিসিসিআইয়ের বিবৃতিতে উল্লেখ, দক্ষিণ আফ্রিকা সিরিজে সাদা বলের সিরিজে বিশ্রাম চেয়েছিলেন রোহিত ও বিরাট। বিসিসিআই সেই অনুরোধ মেনে নিয়েছে।
মহম্মদ শামিকে টেস্ট সিরিজের দলে রাখা হলেও তাঁর খেলার বিষয়টি নির্ভর করবে ফিটনেসের উপর। তাঁর চিকিৎসা চলছে বলেও জানিয়েছে বিসিসিআই। ভারতীয় এ দলের হয়ে অভিমন্যু ঈশ্বরণের খেলাও ফিটনেসের উপর নির্ভর করবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। ফলে সবমিলিয়ে রোহিত আর টি ২০ আন্তর্জাতিক খেলবেন কিনা তা স্পষ্ট করল না বিসিসিআই।
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল, রোহিতকে তিন ফরম্যাটেই অধিনায়ক রাখতে চায় বোর্ড। সে কথা তাঁকে বোঝানোর চেষ্টা হবে। বিরাট যে দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টি ২০ ও ওডিআইয়ের সিরিজ খেলবেন না তা আগেই জানা গিয়েছিল। কিন্তু রোহিতকে নিয়ে চলতে থাকা জল্পনার মধ্যেই আজ বোর্ড জানাল, বিরাটের মতো রোহিতের ছুটি চাওয়ার কথা।
জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে। তাতে রোহিত, বিরাটরা না খেললে চর্চা আরও তুঙ্গে উঠবে। কেন না, সেই সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫ টেস্টের সিরিজ রয়েছে। সেই সিরিজ শেষ হলে আইপিএল, আর আইপিএলের পরই টি ২০ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেকেই চাইছেন, রোহিত ও বিরাটকে রেখেই টি ২০ বিশ্বকাপের দল গড়তে।
ভারতের যে দল ঘোষণা করা হয়েছে তাতে উল্লেখযোগ্য দিক হলো, লোকেশ রাহুলের হাতে ওডিআই ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া। টেস্ট দলে এসেছেন ঋতুরাজ গায়কোয়াড়। বাদ পড়লেন অজিঙ্ক রাহানে। কামব্যাক করতে পারলেন না চেতেশ্বর পূজারা। টেস্টের দলে নেই কুলদীপ যাদব। সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ।
ওডিআই দলে প্রত্যাবর্তন হয়েছে সঞ্জু স্যামসনের। ঋতুরাজ গায়কোয়াড়, বি সাই সুদর্শন, রজত পাটীদার, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল রয়েছেন ওডিআই দলে। কুলদীপ যাদব থাকায় ওডিআইয়ে কুল-চা জুটি দেখা যেতেই পারে। সূর্যকুমার যাদবই টি ২০ দলকে নেতৃত্ব দেবেন। তবে ওডিআই দলে জায়গা হয়নি সূর্যকুমারের। টি ২০ ও টেস্ট দলে শুভমান গিল রয়েছেন, তবে ওডিআইয়ে তাঁকে রাখা হয়নি। ওডিআই দলে নেই ঈশান কিষাণও। কিষাণ টি ২০ ও টেস্ট দলে রয়েছেন।












Click it and Unblock the Notifications