India's ODI Squad: রোহিতের ডেপুটি গিল, ওডিআই দলে বুমরাহ ও কুলদীপ, জায়গা পেলেন না করুণ
India's ODI Squad: ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য় ভারতীয় দল ঘোষণা করা হলো আজ। দলে তেমন বড় চমক নেই।
রোহিত শর্মার ডেপুটি করা হলো শুভমান গিলকে। দলে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবকে। দুজনেই চোট সারিয়ে মাঠে ফিরবেন। বিজয় হাজারে ট্রফিতে বিধ্বংসী ফর্মে থাকা সত্ত্বেও দলে জায়গা হলো না করুণ নায়ারের।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের পর তিনটি ওডিআই খেলবে ভারত। ফেব্রুয়ারির ৬, ৯ ও ১২ তারিখ তিনটি ম্যাচ রয়েছে। ওডিআই দলে রাখা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন, বুমরাহর ফিটনেস নিয়ে ফেব্রুয়ারির গোড়ায় বিস্তারিত তথ্য জানাবে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।
এখনও রোহিত বা আগরকর নিশ্চিত নন বুমরাহ শেষ অবধি খেলতে পারবেন কিনা। সেই পরিস্থিতি অনুধাবন করেই দল বেছে নেওয়া হয়েছে। মহম্মদ শামির সঙ্গে রাখা হয়েছে অর্শদীপ সিংকে। অর্শদীপ বেশি ওডিআই না খেললেও সাদা বলের ক্রিকেটে প্রচুর খেলার অভিজ্ঞতা থাকায় চাপ সামলাতে পারবেন বলবে আশাবাদী রোহিত।
ঋষভ পন্থ প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন। লোকেশ রাহুলও রয়েছেন। পন্থ খেললে রাহুল বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলবেন। দলে রয়েছেন শ্রেয়স আইয়ার। হার্দিক পাণ্ডিয়াও জোরে বোলিংয়ের দায়িত্ব সামলাবেন। বুমরাহ খেলতে না পারলে তাঁর পরিবর্ত বেছে নেওয়া হবে। স্পিনারদের মধ্যে রয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। অক্ষর, সুন্দর, জাদেজা অলরাউন্ডারও।
হর্ষিত রানা একদিনের আন্তর্জাতিক দলের সঙ্গে থাকবেন। যেহেতু বুমরাহ ফিট নন। ফলে বুমরাহর বিকল্প হবেন হর্ষিতই। সহ অধিনায়ক বাছার ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটিই দেখা হয়েছে বলে দাবি আগরকরের।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।












Click it and Unblock the Notifications