রোহিত ও বিরাটের ফর্ম নিয়ে কতটা উদ্বিগ্ন ভারত? খোলসা করলেন ব্যাটিং কোচ কোটাক
পারথে প্রথম একদিনের আন্তর্জাতিকে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। যদিও তা নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ বা সংশয় নেই ভারতীয় শিবিরে।
কাল অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তার আগে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বুঝিয়ে দিলেন, রো-কো-র ফর্ম নিয়ে চিন্তিত নন তাঁরা।

কোটাকের মতে, এই দুই সিনিয়র তারকা ভালো ফর্মে আছেন এবং পরবর্তী দুটি ম্যাচে অবশ্যই ভালো খেলবেন। পারথে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত সাত উইকেটে পরাস্ত হয়েছিল। কাল ভারতের কাছে সিরিজ জিইয়ে রাখার লড়াই।
সীতাংশু কোটাক আজ বলেন, "আমার মনে হয় না রোহিত ও কোহলির ব্যাটিংয়ে কোনও জড়তা ছিল। তাঁরা আইপিএল খেলেছেন এবং তাঁদের প্রস্তুতিও খুব ভালো ছিল। দুজনেরই প্রচুর অভিজ্ঞতা আছে। অস্ট্রেলিয়ায় আসার আগেও তাঁদের প্রস্তুতি খুব ভালো ছিল। তাই তাঁদের ফর্ম নিয়ে এখনই এত দুশ্চিন্তা করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।"
উল্লেখ্য, এই দুই তারকা টেস্ট ও টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, খেলেন শুধুই ওডিআই। এই প্রসঙ্গে কোটাক বলেন, "দু'জনেই খুব ভালো ফর্মে আছেন বলে আমার মনে হচ্ছে। গতকালও তাঁরা খুব ভালো ব্যাটিং করেছেন। প্রতিটি নেট সেশনে তাঁদের অ্যাপ্রোচ চমৎকার ছিল।"
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জাতীয় দল থেকে দীর্ঘ বিরতির সময় রোহিত ও কোহলির সঙ্গে টিম ম্যানেজমেন্ট যোগাযোগে ছিল কিনা, সেই প্রশ্নের জবাবে সীতাংশু বলেন, "আমরা তাঁদের প্রস্তুতি এবং ফিটনেস পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলাম। তাঁরা মাঝে মাঝে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতেও যান। সেখান থেকে আমরা তাঁদের আপডেট ও ভিডিও পাই। তাঁরা কী করছেন, তাঁদের অনুশীলনের রুটিন, ফিটনেস ওয়ার্ক সম্পর্কিত। তবে সব সময় নয়। হস্তক্ষেপ করার জন্য সঠিক সময় খুঁজে নিতে হয়। এতো সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে, যদি প্রয়োজন না হয় তবে হস্তক্ষেপ করতে চাই না। যদি তাঁরা সঠিক কাজ করেন, আর আপনি তাতে জড়াতে যান, তবে তা সব সময় সঠিক নাও হতে পারে।"
পারথে ভারতের ব্যাটিংয়ের সময় বারবার বৃষ্টি থাবা বসিয়েছে প্রথম ওডিআইয়ে। কোটাক বলেন, "আমার মনে হয় অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করলেও একই পরিস্থিতি হতো। যখন আপনি জানেন না কত ওভার খেলবেন, তখন চার-পাঁচটা বৃষ্টি-বিরতির মধ্যে পরিকল্পনা করা সহজ নয়। কয়েক ওভার পরপর ভেতরে-বাইরে যাওয়া কঠিন। ওখানে মূলত আবহাওয়ার ব্যাপার ছিল। গত ম্যাচে আমরা কিছু উইকেট তাড়াতাড়ি হারিয়েছি, তবে আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না।"
হার্দিক পাণ্ডিয়ার অভাব যে দল অনুভব করছে তা স্পষ্ট করে কোটাক বলেন, "হার্দিকের মতো খেলোয়াড়ের অনুপস্থিতি সব সময়ই বড় ক্ষতি। তবে যদি আমরা ইতিবাচক দিকটা দেখি। নীতীশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এবং আমরা তাঁকে গড়ে তোলার চেষ্টা করছি। প্রতিটি দলেরই একজন অলরাউন্ডার প্রয়োজন এবং আমরা নীতীশকে সেই ভূমিকায় বিকাশিত করার চেষ্টা করছি। তাই এটি একদিক থেকে ভালো প্রস্তুতি। এই ফরম্যাটে তাঁর ম্যাচ পাওয়াটাও ইতিবাচক। তবে হ্যাঁ, যে কোনও দলই হার্দিকের মতো একজন খেলোয়াড়কে মিস করবে।"












Click it and Unblock the Notifications