India's Lowest Totals: সব ফরম্যাট মিলিয়ে ৪৬ রান দেশে ভারতের সর্বনিম্ন স্কোর, লজ্জার পরিসংখ্যান একনজরে
India's Lowest Totals: বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরু টেস্টে ভারত অল আউট হয়ে গিয়েছে ৪৬ রানে। ইতিমধ্যেই কোনও উইকেট না হারিয়ে সেই রান টপকে গিয়েছে নিউজিল্যান্ড।
এই ৪৬ রান শুধু দেশের মাটিতে টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর তা নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়েই সর্বনিম্ন।

টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬, ২০২০ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দেশের মাটিতে টেস্টে ভারতের সবচেয়ে কম রানের রেকর্ডটি এতদিন ছিল ৭৫ রানের। দিল্লি টেস্টে ১৯৮৭ সালে ভারত গুটিয়ে গিয়েছিল ৭৫ রানে। আজ ভারত ৩১.২ ওভারে শেষ ৪৬ বলে। টেস্টের দ্বিতীয় দিন টস জিতে ব্যাট করতে নামার পর।
টেস্টে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল ৪২, ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর এদিনের ৪৬। ১৯৪৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ১৯৫২ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গুটিয়ে গিয়েছিল ৫৮ রানে। ১৯৯৬ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ইনিংস থেমেছিল ৬৬ রানে।
১৯৪৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৬৭ রানে অল আউট হয়েছিল। ২০০৮ সালে আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ইনিংস শেষ হয়েছিল ৭৬ রানে। ২০২১ সালে লিডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৮ রানে গুটিয়ে যায় ভারত।
১৯৯৭ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯৭৬ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টেস্টে অল আউট হয়েছিল ৮১ রানে। ফলে এদিনের ৪৬ টেস্টে কিউয়িদের বিরুদ্ধে ভারতের সর্বনিম্ন স্কোর। ১৯৫২ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮২, ১৯৭৭ সালে চেন্নাইয়ে ইংল্যান্ড ও ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টেস্টে অল আউট হয় ৮৩ রানে।
এ ছাড়া আরও ১২টি ইনিংসে ভারত টেস্টে ১০০-র নীচে অল আউট হয়েছিল। ১৯৬২ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৮, ১৯৬৯ সালে হায়দরাবাদে কিউয়িদের বিরুদ্ধেই ৮৯, ১৯৮৩ সালে কলকাতার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৯০ রানে গুটিয়ে গিয়েছিল।
১৯৬৭ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯২, ১৯৩৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৩, ২০১৪ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৪, ১৯৭৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৬, ১৯৭৬ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রানে শেষ হয়েছিল ভারতের টেস্ট ইনিংস।
৯৮ রানে টেস্টে ভারতের ইনিংস গুটিয়ে গিয়েছে তিনবার- ১৯৪৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (৮ বলের ওভার), ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯৫২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০০২ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৯৯ রানে অল আউট হয়েছিল।
একদিনের আন্তর্জাতিকে ভারতের সর্বনিম্ন স্কোর ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪। দেশের মাটিতে ওডিআইয়ে ভারতের দলগত সর্বনিম্ন স্কোর ১৯৮৬ সালে কানপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৮। টি২০ আন্তর্জাতিকে ২০০৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ ভারতের সর্বনিম্ন স্কোর। ২০১৬ সালে নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা ৭৯ দেশের মাটিতে টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বনিম্ন স্কোর।












Click it and Unblock the Notifications