দলে কতটা জায়গা জুড়ে রয়েছেন মিতালি ও ঝুলন? কী বললেন কোচ পাওয়ার?
দলে কতটা জায়গা জুড়ে রয়েছেন মিতালি ও ঝুলন? কী বললেন কোচ পাওয়ার?
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। সৌজন্যে অধিনায়ক মিতালি রাজের অসাধারণ ব্যাটিং এবং দীপ্তি শর্মাদের বিধ্বংসী বোলিং। ম্যাচে কৃপণ বোলিং করে আরও একবার দলের আস্থাভাজন হয়েছেন কিংবদন্তি ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ডের মালকিন হওয়া মিতালি ও তাঁর বহুদিনের সতীর্থ বাংলার ফাস্ট বোলারকে নিয়ে মুখ খুললন ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার।

মিতালি রাজের পারফরম্যান্স ও রেকর্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তৃতীয় ওয়ান ডে-তে ৮৬ বলে ৭৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন মিতালি রাজ। আটটি দৃষ্টিনন্দন চার আসে তাঁর ব্যাট থেকে। অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিংবদন্তি। একই দিনে বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির স্থাপন করেছেন মিতালি। ২২ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা করে চলা ব্যাটসম্যান, মহিলা ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক রানের মালকিন হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ১০,৩৩৭ রান করেছেন। ১১টি টেস্ট, ২১৭টি ওয়ান ডে ও ৮৯টি টি২০ ম্যাচ খেলে তিনি এই স্থানে পৌঁছেছেন।

মিতালি সম্পর্কে পাওয়ার
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মিতালি রাজ যেভাবে ব্যাটিং করেছেন, তার জন্য সব প্রশংসাই ছোট বলে মনে করেন ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার। তাঁর কথায়, মিতালির কাঁধে ভর করেই ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচ জিতেছে ভারত। ২২ বছর ধরে একটানা খেলে চলা কিংবদন্তি, দেশের ক্রিকেটকে যা দিয়েছেন তার কোনও তুলনা হয় না বলেও জানিয়েছেন পাওয়ার। একইভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জেতার ক্ষেত্রে দলের বোলাররাও দারুণ ভূমিকা নিয়েছেন বলে বক্তব্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের।

কী বললেন মিতালি
২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। ওই টুর্নামেন্ট যে তাঁর পাখির চোখ, তা আগেই জানিয়েছিলেন মিতালি রাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও তাঁর কথাতে উঠে এসেছে সেই বিশ্বকাপ প্রসঙ্গ। বলেছেন যে এখনও রানের ক্ষিদে অনুভব করেন তিনি। ৫০ ওভারের বিশ্বকাপের দিকে তাকিয়েই তিনি নিজের ব্যাটিং ধরন পাল্টে ফেলছেন বলে জানিয়েছেন মিতালি। ১৯৯৯ সালের ২৬ জুন থেকে শুরু হওয়া যাত্রা ২২ বছর অতিক্রম করেছে। এতটা পথ পেরিয়ে আসা যে মোটেই সহজ কাজ ছিল না, তাও জানাতে ভোলেননি মহিলা ক্রিকেটের সচিন। বক্তব্য, কেরিয়ারে অনেক চড়াই-উতরাই দেখেছেন তিনি। এক সময় মিতালির মনে ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনাও নাকি এসেছিল। কেবল দায়বদ্ধতা ও ভালোবাসার টানে তিনি আবারও ঘুরে দাঁড়িয়েছেন বলে বক্তব্য মিতালির। জানিয়েছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করার সময় তাঁর ব্যক্তিগত নজিরের কথা মাথায় ছিল না। কেবল তিনি দলকে জেতাতে চেয়েছিলেন বলে জানিয়েছেন কিংবদন্তি। মিতালির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশে ও বিদেশের প্রাক্তন মহিলা ক্রিকেটাররা।
|
ঝুলন ও স্নেহকে নিয়ে কী বললেন পাওয়ার
অভিজ্ঞ ঝুলন গোস্বামীকে ছাড়া যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কথা ভাবাই যায় না, তা স্বীকার করে নিলেন রমেশ পাওয়ার। পারফরম্যান্স ছাড়াও বাংলার ফাস্ট বোলার দলের যতটা অংশ জুড়ে থাকেন, তা অসাধারণ বলে জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ। তাঁর কথায়, ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৩০০-রও বেশি উইকেট নেওয়া দলের জন্য নিবেদিত প্রাণ ঝুলন সব প্রজন্মের কাছেই অনুপ্রেরণা। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর ওয়ান ডে-তেও ব্যাট ও বল হাতে ঝকঝকে পারফরম্যান্স করা স্নেহ রানার প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন রমেশ পাওয়ার।












Click it and Unblock the Notifications