বিরাট-রাহানেদের দলে নাম লিখিয়ে টিকা যুদ্ধে সামিল পন্থ, বার্তায় কোভিড সচেতনতা
বিরাট-রাহানেদের দলে নাম লিখিয়ে টিকা যুদ্ধে সামিল পন্থ, বার্তায় কোভিড সচেতনতা
ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, জসপ্রীত বুমরাহদের পর বিসিসিআইয়ের নির্দেশ মেনে কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নিলেন ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দেশের সহ-নাগরিকদের টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধও করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একমাত্র এভাবেই করোনা যুদ্ধে জয় হাসিল করা সম্ভব বলেও জানিয়েছেন পন্থ।
|
টিকা নিলেন ঋষভ
ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টেস্ট দলের প্রতি সদস্যেকে বাধ্যতামূলক হিসেবে কোভিড ১৯ টিকা নিতে বলেছে বিসিসিআই। সেই মতো বৃহস্পতিবার দিল্লিতে কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন ঋষভ পন্থ। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নাগরিকদের উদ্দেশে সুযোগ পেলেই টিকা নেওয়ার বার্তাও দিয়েছেন ঋষভ। পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে টিকা নিয়েছেন যে যে ক্রিকেটার
বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। ইংল্যান্ড সফরের জন্য তৈরি করা ভারতীয় টেস্ট দলের অন্যতম সদস্য হিসেবে চেতেশ্বর পূজারা, উমেশ যাদব, ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরাহও কোভিশিল্ডের প্রথম শট ইতিমধ্যেই নিয়েছেন। সেই দলে নাম লিখিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীও। টেস্ট দলের সদস্য না হয়েও টিকা নিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান, দীপক চাহারের মতো ক্রিকেটাররা।
ছবি সৌজন্যে : বিরাট কোহলির ইনস্টাগ্রাম

বিসিসিআইয়ের সাবধানবাণী
টিকা নিলেও সব সমস্যার সমাধান হয়ে যাবে না। করোনা ভাইরাস থেকে নিজেদের দূরে রাখতে ভারতীয় টেস্ট দলের সব সদস্যদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে বিসিসিআই। প্রয়োজনে ঘরেই বিরাট কোহলিদের শরীরচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। টিম ইন্ডিয়ার প্রতি সদস্যকে কোভিড ১৯ মুক্ত অবস্থায় ইংল্যান্ডে পাঠানো লক্ষ্য বিসিসিআইয়ের। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ইংল্যান্ডেই নেবেন বিরাট কোহলিরা।
ছবি সৌজন্যে : বিসিসিআই

করোনা টেস্ট ও কোয়ারেন্টাইন
আগামী ২ জুন ইংল্যান্ডগামী বিমান ধরবে ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআই নির্ধারিত সূচি অনুযায়ী তার আগে মুম্বই পৌঁছতে হবে বিরাট কোহলিদের। তারও আগে ভারতীয় টেস্ট দলের সদস্য, কোচ, সাপোর্ট স্টাফদের নিজ নিজ বাড়িতে কোভিড ১৯ টেস্ট করাতে হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে খবর। কোনও ক্রিকেটার ও তাঁর পরিবারের কোনও সদস্যের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এলে তাঁকে মুম্বই আনা হবে না বলে বিসিসিআই সূত্রে খবর। মুম্বইয়ের হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। আইসোলেশন পর্ব শেষে বিরাট কোহলি, রোহিত শর্মাদের দুটি কোভিড ১৯ টেস্ট করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। কারও রিপোর্ট পজিটিভ এলে, তাঁকে ইংল্যান্ডের বিমান ধরতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications