ঈশানের হেলমেটে বল লাগায় যেতে হয়েছিল হাসপাতালে! তৃতীয় টি ২০ থেকে ছিটকে গেলেন কিষাণ
আর কিছুক্ষণের মধ্যেই ধরমশালায় নিমরক্ষার তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মার দল ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে নিয়েছে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে। তবে তার আগেই ছিটকে গেলেন ঈশান কিষাণ।

ঘটনা গতকাল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারের। ঈশান কিষাণ তখন ১০ বলে ১৪ রানে অপরাজিত। লাহিরু কুমারার এই ওভারের দ্বিতীয় বলটি গিয়ে লাগে ঈশান কিষাণের হেলমেটে। কিষাণ পুল মারতে গিয়েছিলেন। গতির কাছে পরাস্ত হন। কিষাণ হেলমেট খুলে বসে পড়েন। ছুটে যান কুমারা, চলে আসেন শ্রীলঙ্কার অন্যান্য ফিল্ডাররা। ভারতীয় দলের ফিজিও মাঠে ঢুকে কিষাণের শুশ্রূষা চালাতে থাকেন। কনকাসন টেস্টে পাস করায় কিষাণ ফের ব্যাট করতে যান। পরের বলে একটি রানও নেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ঈশান কিষাণ কুমারার শিকার হয়ে সাজঘরে ফেরেন। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে। ঈশান কিষাণ করেন ১৫ বলে ১৬, মেরেছেন দুটি চার।

এরপর তাঁকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেক-আপের জন্য নিয়ে যাওয়া হয় কাঙ্গরার হাসপাতালে। কিছুক্ষণ তাঁকে অবজারভেশনে রাখা হয়। ভারতীয় দলের মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যানও হয়। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। তবে কনকাসনের লক্ষণ ধরা পড়ে কিনা সেদিকে সতর্ক নজর রেখেছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।
NEWS - Ishan Kishan ruled out of 3rd T20I.
— BCCI (@BCCI) February 27, 2022
More details here - https://t.co/QVWZ4CFCv5 @Paytm #INDvSL pic.twitter.com/CN1a2GVLQa
ভারত অধিনায়ক রোহিত শর্মা গতকালই জানিয়েছিলেন, এখনও যাঁদের সুযোগ দেওয়া যায়নি তাঁদের কয়েকজনকে শেষ ম্যাচে দেখে নেওয়া হতে পারে। এখন পরিস্থিতি যা দাঁড়াল তাতে সঞজু স্যামসনকেই আজ উইকেটকিপিং করতে হবে। ঋতুরাজ গায়কোয়াড় কব্জির চোটের কারণে ছিটকে গিয়েছেন আগেই। তাঁর পরিবর্ত হিসেবে ডাক পাওয়া ময়াঙ্ক আগরওয়াল আজ রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামতে পারেন। যুজবেন্দ্র চাহালের জায়গায় দেখে নেওয়া হতে পারে কুলদীপ যাদবকেও। ভারতের ব্যাটিং নিয়ে আপাতত কোনও চিন্তা না থাকলেও ডেথ ওভারের বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতি প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারার পর থেকে এ পর্যন্ত টানা ১১টি টি ২০ আন্তর্জাতিক জিতেছে। আজ রোহিতরা জিতলে ভারত স্পর্শ করবে টানা ১২টি টি ২০ আন্তর্জাতিক জয়ের আফগানিস্তান ও রোমানিয়ার বিশ্বরেকর্ড।












Click it and Unblock the Notifications